
খাগড়াছড়ির দীঘিনালায় স্কুলছাত্রী কৃত্তিকা ত্রিপুরাকে (১১) ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার তিনজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার খাগড়াছড়ির জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোরশেদুল আলম এ রিমান্ড আদেশ দেন।
আসামিরা হলেন শাহ আলম (৩৩), নজরুল ইসলাম (৩২) ও মো. মনির হোসেন (৩৮)। গত ২৮ জুলাই উপজেলার নয় মাইল এলাকায় ওই হত্যার ঘটনা ঘটে। পরে ৩০ জুলাই সন্দেহভাজন এই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে ৩১ জুলাই গ্রেপ্তার এই তিন আসামিকে খাগড়াছড়ির বিচারিক আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। ওই দিন আদালত আজকে রিমান্ড শুনানির দিন ধার্য করেছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামীকাল শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হবে।’