গ্রেপ্তার ব্যবসায়ীর তিন দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজারের ব্যাংক কর্মকর্তা সজল কান্তি দাসকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ব্যবসায়ী আলী আহমদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার দুপুরে মহানগর তৃতীয় হাকিম আদালতের বিচারক হরিদাস কুমার এ রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩১ জুলাই রাতে বিয়ানীবাজারের ভাড়া বাসা থেকে যমুনা ব্যাংকের বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক সজলের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় সেখান থেকে চার পৃষ্ঠার লিখিত কাগজ উদ্ধার করে পুলিশ। এর সূত্র ধরে রাতেই সিলেট নগরের হাউজিং এস্টেট এলাকা থেকে ব্যবসায়ী আলী আহমদ (৫০) ও তাঁর স্ত্রী যমুনা ব্যাংকের বন্দরবাজার শাখার কর্মকর্তা কামরুন নাহারকে (৪৫) পুলিশ আটক করে। পরে তাঁদের আসামি করে সজলের ছোট ভাই সুজিত দাস থানায় মামলা করেন।

গতকাল পুলিশ আদালতে গ্রেপ্তার হওয়া দম্পতির রিমান্ড প্রার্থনা করলে আদালত ব্যবসায়ী আলী আহমদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী প্রথম আলোকে জানান, সজলকে আত্মহত্যা করতে এক দম্পতি প্ররোচনা দিয়েছেন বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। এ অভিযোগে গ্রেপ্তার দম্পতির রিমান্ড চাইলে আদালত আলী আহমদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।