গ্রেপ্তার ভ্যানচালক ফারুকের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহ মিজানুর রহমানের খুনের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার হওয়া মো. ফারুকের ওপর পুলিশ নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পোষ্টকামুরী চরপাড়া এলাকা থেকে গত মঙ্গলবার ভোরে রাজধানীর রমনা থানার নয়াটোলা পুলিশ ফাঁড়ির এএসআই মিজানুরের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মুঠোফোনের সূত্র ধরে চরপাড়া এলাকার ভ্যানচালক ফারুককে গ্রেপ্তার করা হয়। গত দুই দিনেও ফারুকের কাছ থেকে কোনো তথ্য পায়নি পুলিশ।ফারুকের স্ত্রী নূরজাহান বেগমের অভিযোগ, গ্রেপ্তারের সময় পুলিশ ফারুককে মারধর করে। মোবাইল ফোনের সিমকার্ডটি কুড়িয়ে পাওয়ার কথা বলে বারবার মিনতি করলে পুলিশ ফারুককে গ্রেপ্তার করে। থানায় নেওয়ার সময় হাতে ও পায়ে লাঠি দিয়ে পেটানো হয়েছে বলে ফারুক নিজেও অভিযোগ করেন। পরে ইনজেকশন দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। যোগাযোগ করা হলে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাছান নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রেপ্তারের সময় একটু ধস্তাধস্তির কারণে ফারুক হাতে ব্যথা পেয়ে থাকতে পারেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করে কোনো তথ্য মেলেনি। শুক্রবার ফারুককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।