সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল বাকি মির্জাকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় স্কুলছাত্রী ওয়াসীমা খাতুন ওরফে এশাকে (২২) গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সোমবার চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।এদিকে চিকিৎসক বাকি মির্জার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ মঙ্গলবার সকালে শহরের চৌরাস্তার মোড়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সিরাজগঞ্জ জেলা শাখার নেতারা মানববন্ধন করার ঘোষণা দিয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন বছর আগে সদর উপজেলার খোকসাবাড়ী গ্রামের বখাটে রুহুল আমিন ওরফে বাবু স্কুলছাত্রী এশাকে জোর করে বিয়ে করেন। বিয়ের পর থেকে রুহুলের সঙ্গে এশার সম্পর্ক ভালো যাচ্ছিল না। এরই মধ্যে কোনো এক সময় এশার সঙ্গে চিকিৎসক বাকি মির্জার পরিচয় হয়। এর পর থেকে এশা স্বামীর চেয়ে বাকি মির্জাকে বেশি সময় দিতে থাকেন। রুহুল আমিন বিষয়টি টের পেয়ে বাকি মির্জার পরিচিত সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালের পরিচালক আবদুল লতিফকে জানান। কিন্তু তিনি বিষয়টি সমাধান করে দিতে পারেননি। এশার বিষয়ে বাকি মির্জার ওপর আক্রোশের কারণে রুহুল আমিন এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন।পুলিশ সূত্র জানায়, জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত থাকায় বাকি মির্জাকে বিভিন্ন ঘটনায় রোগীদের সনদ দিতে হতো। এ নিয়ে হাসপাতালে একটি চক্রও গড়ে ওঠে। এ কারণে বিভিন্নজনের সঙ্গে তাঁর দ্বন্দ্ব তৈরি হয়ে থাকতে পারে। এ ছাড়া বাকি মির্জা শহরের একটি ক্লিনিকে চিকিৎসাসেবা দিতেন। এ কারণেও তাঁর সঙ্গে কারও দ্বন্দ্ব সৃষ্টি হয়ে থাকতে পারে। জেনারেল হাসপাতালে নিয়মিত ঘোরাফেরা করেন এমন কয়েকজন ব্যক্তিকে বাকি মির্জার হত্যাকাণ্ডের পর থেকে দেখা যাচ্ছে না। তাই সনদ নিয়ে দ্বন্দ্বের কারণে হত্যাকাণ্ড ঘটার সম্ভাবনা বেশি বলে মনে করছে পুলিশ।চিকিৎসক আবদুল লতিফ বলেন, ‘এশার বিষয়টি নিয়ে রুহুল আমিন দুবার আমার কছে এসেছিল। ঘটনাটি তাদের পারিবারিক বিধায় নিজেদের মধ্যে আপস-মীমাংসা করে নিতে পরামর্শ দিয়েছিলাম। এর কিছুদিন পর জানতে পারি, এশা রুহুল আমিনকে তালাক দিয়েছে।’আবদুল লতিফ আরও জানান, বাকি মির্জা হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত থাকায় বিভিন্ন ঘটনায় মামলাসংক্রান্ত অনেক সনদ দিয়েছেন। এ নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তাঁর দ্বন্দ্ব হয়ে থাকতে পারে।এই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, এশাকে গ্রেপ্তার দেখানোর পর গতকাল তাঁকে আদালতে হাজির করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হলে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।তদন্ত কর্মকর্তা বলেন, ‘মামলার তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এগুলো প্রকাশ করা সম্ভব নয়।’গত শনিবার দুপুরে সিরাজগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের গণপূর্ত বিভাগের ডরমেটরির ৮ নম্বর কক্ষ থেকে চিকিৎসক বাকি মির্জার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর ছোট ভাই আবদুল লতিফ বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন।