স্কুলছাত্রী উম্মে কুলসুমের আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার শেখ মোহাম্মদ নেওয়াজ ইবনে আকরাম ওরফে জিহাদকে (২৪) তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার ইস্ট পয়েন্ট এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী কুলসুম গত শনিবার বিষপানে আত্মহত্যা করে। পরিবার ও স্কুলের শিক্ষকদের অভিযোগ, স্থানীয় শিমুল চন্দ্র মণ্ডল নামের এক বখাটেসহ কয়েকজনের উৎপাত সইতে না পেরে সে আত্মহত্যা করে। এ ঘটনায় শিমুল ও তাঁর পরিবারের আরও চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করেন কুলসুমের মা সাথী আক্তার।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজ ভূঁইয়া বলেন, যাদের জন্য ছাত্রীটির আত্মহত্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তাদের অন্যতম জিহাদ। তবে শিমুলসহ তাঁর পুরো পরিবার এখনো পলাতক। তাঁদের ধরার চেষ্টা চলছে।