গ্রেপ্তার রাশেদার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর থানার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামে দুই খুনের ঘটনায় গ্রেপ্তার রাশিদা বৃহস্পতিবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।জবানবন্দিতে বলা হয়েছে, নিজ ভাগনে শিশু আরমানকে অপহরণ করার পর টাকা চেয়ে না পেয়ে বিষয়টি জানাজানি হওয়ার আশঙ্কায় তাকে খুন করা হয়। আর এনজিও থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ না করা ও তাঁর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার জন্য খুন করা হয় জহির রায়হানকে (৩৫)।পুলিশ সূত্রে জানা গেছে, বাঐতারা গ্রামের প্রবাসী আলী আকবরের স্ত্রী রাশিদা বাঐতারা গ্রামের মহিলা ঋণদান সমিতি থেকে নয় হাজার টাকা ঋণ নেন। ওই সংস্থার কর্মকর্তা বগুড়ার ধুনট উপজেলার শ্যামগাঁতী মধ্যপাড়া গ্রামের জহির রায়হান ওরফে আনিছুর রহমান (৩৫) ৭ জুন কিস্তি নিতে রাশিদার বাড়িতে যান। রাশিদা না দিতে চাইলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। রাশিদা টাকা জোগাড় করার কথা বলে তাঁর কথিত প্রেমিক ওয়াদুদসহ কয়েকজনকে ফোন করে খবর দেন। তাঁরা আসার পর জহিরকে ঘরে নিয়ে গিয়ে চেতনানাশক দ্রব্য মেশানো জুস খাওয়ান। জহির অজ্ঞান হয়ে পড়লে বেলা তিনটার দিকে রাশিদা ও তাঁর সহযোগীরা জহিরকে শ্বাসরোধ করে হত্যা করেন। রাতে চার-পাঁচজন সঙ্গীসহ বস্তাবন্দী লাশ মোশারফ হোসেন মেম্বারের বাড়ির পায়খানার ট্যাংকির মধ্যে ফেলে দেন। পরে জহিরের কাছ থেকে নেওয়া ১৩ হাজার ৭৯১ টাকা সবাই ভাগাভাগি করে নেন। আর তাঁর আপন ভাগনে আরমানকেও অপহরণের পর দাবিকৃত টাকা না পেয়ে ও বিষয়টি জানা জানি হয়ে যাবে বিধায় এই রাশিদার নেতৃত্বে চক্রটি তাকেও খুন করে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব হোসেন জানান, রাশিদা ও তাঁর প্রেমিক ওয়াদুদসহ চার-পাঁচজনের একটি চক্র এই দুটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।