গ্রেপ্তার শরিফুল 'ক্রসফায়ারে' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় পুলিশের আগ্নেয়াস্ত্র চুরির ঘটনায় গ্রেপ্তার শরিফুল বিশ্বাস ওরফে রাজীব ওরফে রাজু (২৮) গুলিতে নিহত হয়েছেন। পুলিশের ভাষ্যমতে, গত শনিবার দুপুরে শালিখা উপজেলার হরিশপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার ও অস্ত্রটি উদ্ধার করা হয়। আরও অস্ত্র উদ্ধারে ওই দিন রাতে শালিখা উপজেলার গোবরা এলাকায় পুলিশ তাঁকে নিয়ে অভিযানে গেলে তিনি ‘ক্রসফায়ারে’ নিহত হন।
পুলিশ সূত্র জানায়, গত ২৭ ফেব্রুয়ারি ভোরে উপজেলা নির্বাচনের দিন শালিখা উপজেলার গোবরা পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে পুলিশের একটি চায়নিজ এসএমজি চুরি হয়। পরে পুলিশ অস্ত্রটি উদ্ধারে চিরুনি অভিযান শুরু করে। শনিবার দুপুরে শালিখার হরিশপুর গ্রাম থেকে শরিফুল বিশ্বাসকে গ্রেপ্তার ও তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই গ্রামের একটি বাগান থেকে পুলিশের অস্ত্রটি উদ্ধার করা হয়। শরিফুল হরিশপুর গ্রামের মৃত জলিল বিশ্বাসের ছেলে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথের ভাষ্যমতে, গ্রেপ্তারের পর শরিফুলের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও অস্ত্র উদ্ধারে শনিবার রাত তিনটার দিকে তাঁকে নিয়ে অভিযানে নামে পুলিশ। শালিখার গোবরা পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের কাছে পৌঁছার পর সেখানে ওত পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় দৌড়ে পালাতে গিয়ে শরিফুল ‘ক্রসফায়ারে’ গুরুতর আহত হন। পরে তাঁকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান।ঘটনাস্থল থেকে পুলিশ একটি দোনলা বন্দুক, ছয়টি তাজা গুলি, তিনটি ধারালো অস্ত্র, ছয় জোড়া স্যান্ডেলসহ বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করে। এ ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হন।
তবে মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুস সালাম প্রথম আলোকে জানান, পুলিশ রাত তিনটার দিকে মাথার পেছনের দিকে গুলিবিদ্ধ ও মৃত অবস্থায় শরিফুলকে হাসপাতালে আনে। তাঁকে ভর্তি বা চিকিৎসা দেওয়া হয়নি।
ওসি বিপ্লব জানান, নিহত শরিফুল চুরি-ডাকাতি ও ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত আটটি মামলা রয়েছে।