গ্রেপ্তার শাহজামানের মুক্তির প্রক্রিয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলায় এক বছর ধরে কারাগারে আটক মোহাম্মদ শাহজামানের মুক্তির জন্য আইনি প্রক্রিয়া শুরু করেছে জেলা লিগ্যাল এইড (আইনগত সহায়তা সংস্থা) চট্টগ্রাম। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর হাকিম মো. আল ইমরান খানের আদালতে আবেদন করেন সরকারি এই সংস্থার এক আইনজীবী। তবে মামলার মূল নথি না থাকায় আদালত কোনো আদেশ দিতে পারেননি।

শাহজামানকে নিয়ে গত বুধবার প্রথম আলোয় ‘খুনির চেহারার সঙ্গে মিল থাকায় এক বছর ধরে কারাগারে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর তাঁকে আইনি সহায়তা দিচ্ছে চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড।

লিগ্যাল এইড চট্টগ্রামের প্যানেল আইনজীবী ইসকান্দর সোহেল প্রথম আলোকে বলেন, মাহমুদা হত্যা মামলায় গ্রেপ্তার শাহজামানের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা জড়িত থাকার কোনো তথ্য পাননি। এই বিষয়ে তদন্ত কর্মকর্তার কাছে প্রতিবেদন তলব করতে আদালতে আবেদন করা হয়েছে। প্রতিবেদনটি আসার পর শাহজামানের মুক্তিতে আর সমস্যা হবে না। কিন্তু মামলার মূল নথি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে থাকায় আদালত শুনানি করে কোনো আদেশ দিতে পারেনিন। আবেদনটি নথিভুক্ত করে রাখা হয়েছে।

২০১৬ সালের ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম। ভিডিও ফুটেজে দেখা যায়, ও আর নিজাম রোডের বাসা থেকে বের হয়ে ছেলেকে নিয়ে জিইসি মোড়ের দিকে যাচ্ছেন মাহমুদা। একই সময় রাস্তার অপর প্রান্ত থেকে জিনস প্যান্ট ও চেক শার্ট পরা এক যুবককে মুঠোফোনে কথা বলতে বলতে মাহমুদার পিছু নিতে দেখা যায়। ঘটনার পাঁচ দিন পর (১১ জুন) জিনস প্যান্ট ও চেক শার্ট পরা ওই যুবক সন্দেহে শাহজামানকে গ্রেপ্তার করে পুলিশ। এর ১৫ দিন পর ২৬ জুন আবদুল মোতালেব ওরফে ওয়াসিম (শাহজামানের চেহারার সঙ্গে কিছুটা মিল রয়েছে) এবং আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।