গ্রেপ্তার শাহিন তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের স্বরূপকাঠি উপ-জেলার সমুদয়-কাঠি ইউনিয়নের সেহাঙ্গল এলাকায় মা-মেয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার করা শাহিনকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। পিরোজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম চৌধুরী মাহাবুবুর রহমান গতকাল সোমবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা স্বরূপকাঠি থানার পরিদর্শক (তদন্ত) সুরেন্দ্রনাথ রায় জানান, শাহিনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছিল। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত শনিবার সমুদয়কাঠি ইউনিয়নের সেহাঙ্গল এলাকার মৎস্যজীবী তৌহিদুল ইসলামের স্ত্রী শিউলী বেগম ও তাঁর মেয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সুবর্ণা জুঁইয়ের লাশ তাঁদের বাড়ি থেকে ৫০০ গজ দূরে একটি মাঠ থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্বরূপকাঠি থানার পুলিশ কাউখালী উপজেলার পারসাতুরিয়া গ্রামের শাহিনকে শনিবার দুপুরের দিকে কাউখালী শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করে। এ সময় পুলিশ তাঁর কাছ থেকে সাতটি ইয়াবা বড়ি উদ্ধার করে। আটকের পর স্বরূপকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাউদ্দিন জানিয়েছিলেন, মুঠোফোনের কললিস্ট ধরে শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরূপকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাউদ্দিন জানান, শিউলী ও তাঁর মেয়ে সুবর্ণা হত্যার ঘটনায় শিউলীর স্বামী তৌহিদুল ইসলাম শাহিনসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে শনিবার স্বরূপকাঠি থানায় একটি হত্যা মামলা করেন।