গ্রেপ্তার শিক্ষকের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমবিবিএস ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির ঘটনায় গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক আ স ম ফিরোজ-উল-হাসানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।গতকাল রোববার ক্যাম্পাসে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা ওই কর্মসূচি পালন করেন। পরে তাঁরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবরে স্মারকলিপি প্রদান ও র‌্যাবের কুশপুত্তলিকা দাহ করেন। এদিকে আইনের স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করে দলীয় বিবেচনায় ওই শিক্ষকের মুক্তির চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্যরা। এমবিবিএস ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির ঘটনায় গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ২০ জনকে গ্রেপ্তার করেন র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। শিক্ষক ফিরোজ-উল-হাসানকে গ্রেপ্তার করা হয় শ্যামলী থেকে।রোববার সকাল সাড়ে ১০টার দিকে ফিরোজ-উল-হাসানের মুক্তির দাবিতে অমর একুশে ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন সময়ে র‌্যাবের বিতর্কিত কর্মকাণ্ডের বিষয় তুলে ধরে বক্তব্য দেন অধ্যাপক এসএম বদিয়ার রহমান, অধ্যাপক আবুল খায়ের, শিক্ষক হোসনে আরা, সিকদার মো. জুলকারনাইন ও ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সোহেল পারভেজ। বক্তারা অভিযোগ করেন, ‘র‌্যাব সদস্যরা বলেছেন, বন্ধু তারিকুলের বাসায় পেয়ে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব তাঁকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেননি।’ তাঁরা অবিলম্বে ফিরোজ-উল-হাসানের মুক্তির দাবি জানান। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে তাঁরা উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের বরাবরে ওই শিক্ষকের মুক্তির ব্যাপারে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে স্মারকলিপি দেন। পরে তাঁরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে র‌্যাবের কুশপুত্তলিকা দাহ করেন।বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘একজন শিক্ষক ন্যায়বিচার পান, এটাই আমাদের প্রত্যাশা। একটা অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে দোষী বা নির্দোষ প্রমাণ হওয়ার আগেই দলীয় প্রভাবে তাঁকে মুক্ত করার চেষ্টা চালানো হচ্ছে। এটা উচিত নয়। তা ছাড়া বিশ্ববিদ্যালয় চাকরিবিধি ১০ (ক) ধারা মোতাবেক কেউ গ্রেপ্তার হলে বা বিচারকাজ চলাকালে তাঁকে সাময়িক বহিষ্কার করার আইন থাকলেও সেটি মানা হচ্ছে না।’ এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, আদালতের লিখিত কাগজপত্র ছাড়া প্রশাসন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। প্রয়োজনীয় কাগজপত্র পেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।