এমবিবিএস ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির ঘটনায় গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক আ স ম ফিরোজ-উল-হাসানের মুক্তির দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।এদিকে ওই শিক্ষককে শিক্ষা ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্যরা।এমবিবিএস ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির ঘটনায় গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ২০ জনকে গ্রেপ্তার করেন র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। শিক্ষক ফিরোজ-উল-হাসানকে গ্রেপ্তার করা হয় শ্যামলী থেকে।গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থীরা ফিরোজ-উল-হাসানের মুক্তির দাবিতে ক্যাম্পাসের মূল ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। প্রায় ২০ মিনিট পর বিভাগের শিক্ষকেরা তাঁদের ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে যান। এরপর বেলা একটার দিকে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কের এক পাশ অবরোধ করে মানববন্ধন করেন। মানববন্ধনে বিভাগের শিক্ষক খুরশীদা বেগম, এম সলিমউল্লাহ খান ও বশির আহমেদ উপস্থিত ছিলেন। বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবির ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান। একই দাবিতে বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা গতকাল চূড়ান্ত পর্বের ১০২ নম্বর কোর্সের পরীক্ষায় অংশ নেননি।সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি কে এম মহিউদ্দিন বলেন, ‘আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি যে ঘটনার সঙ্গে ওই শিক্ষক জড়িত নন।’বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্যসচিব শরীফ উদ্দিন বলেন, যেহেতু ঘটনাটি ক্যাম্পাসের বাইরে সংঘটিত হয়েছে, তাই আইনি প্রক্রিয়ায় এর সমাধান হওয়া উচিত। তিনি বলেন, উপাচার্যের সঙ্গে দেখা করে এ ব্যাপারে প্রশাসনিকভাবে হস্তক্ষেপ না করার অনুরোধ জানিয়েছেন তাঁরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী সব ধরনের শিক্ষা ও প্রশাসনিক দায়িত্ব থেকে ওই শিক্ষককে অব্যাহতি দেওয়ার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে বলে তিনি জানান।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবির বলেন, ‘কেউ-ই আইনের ঊর্ধ্বে নন। আমরা চাই প্রকৃত অপরাধীদের শাস্তি হোক। তবে বিভিন্ন মাধ্যমে আমরা জেনেছি যে ওই শিক্ষক ঘটনার সঙ্গে জড়িত নন।’ তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার লক্ষ্যে ও কোনো নির্দোষ ব্যক্তি যাতে অযথা হয়রানির শিকার না হন, সে জন্য তাঁরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।গতকাল বিকেলে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন থেকে শিক্ষক ফিরোজ-উল-হাসানের মুক্তির দাবি করা হয়।এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক বিবৃতিতে বলা হয়, ওই শিক্ষকের অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিবৃতিতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।