গ্রেপ্তার শিবির নেতা পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিত্যরঞ্জন হত্যা
নিত্যরঞ্জন হত্যা

পাবনার হিমাইতপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ সেবাশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পান্ডে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া শিবিরের নেতা আরিফুল ইসলামের (২৩) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল মঙ্গলবার পাবনা আমলি আদালত-১-এ হাজির করে আরিফুলের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে বিচারক নাজিমুদ্দৌলা পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত সোমবার আবুল হাসেম (৩৮) নামে আরও একজনকে এ মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মুন্সী আবু কুদ্দুস জানান, গত শনিবার রাতে আরিফুলকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় পড়ে গিয়ে তিনি আহত হন। আদালতে হাজির করার আগে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
পাবনার পুলিশ সুপার আলমগীর কবীর প্রথম আলোকে বলেন, বিভিন্ন দিক বিবেচনায় রেখে মামলার তদন্ত চলছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সন্দেভাজন হিসেবেই রিমান্ডে নেওয়া হয়েছে। সন্দেহের তালিকায় আরও অনেক কিছুই নজরদারিতে রাখা হয়েছে।
গত শুক্রবার ভোরে নিত্যরঞ্জন পান্ডে হাঁটতে বের হয়েছিলেন। আশ্রমের পাশে পাবনা মানসিক হাসপাতালের প্রধান ফটকের সামনে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে।
জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার দাবি: নিত্যরঞ্জন পান্ডে হত্যায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও সাজা দেওয়ার দাবি জানিয়েছেন ঐক্য ন্যাপ ও সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতারা। গতকাল ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধিদল হিমাইতপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ সেবাশ্রম পরিদর্শন করার সময় এ দাবি জানায়।