গ্রেপ্তার শিবিরের কর্মীর বিরুদ্ধে মামলা, রিমান্ডের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম রেলস্টেশনে ইঞ্জিনে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় মামলা করেছে রেলওয়ে পুলিশ। গত সোমবার রাতে ঘটনার সময় জনতার হাতে আটক শিবিরের কর্মীকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল মঙ্গলবার শিবিরের ওই কর্মীর রিমান্ড আবেদনও করা হয়।গ্রেপ্তার মো. শফিকুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। শফিকুল কক্সবাজার জেলার চকরিয়ার বরইতলি গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে। তিনি চবির শাহ আমানত হল এলাকার একটি কটেজের অস্থায়ী বাসিন্দা।গত সোমবার রাতে চট্টগ্রাম রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা দুটি ইঞ্জিনে আগুন দেওয়ার চেষ্টা করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় জনতা ধাওয়া দিলে ককটেল ফাটিয়ে তাঁরা পালিয়ে যান। জনতা স্টেশন এলাকা থেকে শফিকুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব প্রথম আলোকে বলেন, ‘সোমবার রাতেই শফিকুল ইসলামসহ অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে বিস্ফোরক আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় শফিকুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’মামলার তদন্তকারী কর্মকর্তা ও রেলওয়ে থানার উপপরিদর্শক নাজমুল সাকিব প্রথম আলোকে বলেন, ‘শফিকুল শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।’আদালত সূত্র জানায়, গতকাল শফিকুলকে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস এম মাসুদ পারভেজের আদালতে হাজির করা হয়। তবে গতকাল রিমান্ডের আবেদনের শুনানি হয়নি। আদালত শফিকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতকাল বিকেলে আদালত এলাকায় শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সোমবার রাতে নগরের কোতোয়ালি এলাকায় ছাত্র পড়িয়ে চবি ক্যাম্পাসে ফেরার জন্য শাটল ট্রেনে উঠেছিলাম। বিস্ফোরণের শব্দ শোনার পর ট্রেন থেকে নেমে কদমতলীর দিকে দৌড় দিলে জনতা আমাকে ধরে মারধর করে।’ ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কথাও অস্বীকার করেন তিনি।