ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ইকবাল আজাদ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার মোকাররম আলীকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে গতকাল শনিবার বিকেলে উপজেলা সদরে ইকবাল আজাদ হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় উপজেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আবদুল হালিম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, যুগ্ম সম্পাদক আবদুল জব্বার ও যুবলীগের আহ্বায়ক মাহফুজ আলীর বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মোকাররম আলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে কর্মরত। গত ২১ অক্টোবর সন্ধ্যায় উপজেলা সদরে দুর্বৃত্তদের দায়ের কোপ ও বল্লমের আঘাতে নিহত হন আওয়ামী লীগের নেতা ইকবাল আজাদ। ঘটনার পরপরই হত্যায় জড়িত সন্দেহে পুলিশ মোকাররমকে গ্রেপ্তার করে। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নোমান মিয়া জানান, ঘটনার পর কর্তৃপক্ষ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করে। পরে কমিউনিটি ক্লিনিক প্রকল্পের পরিচালক মাখদুম নারগিছ চাকরি থেকে মোকাররমকে সাময়িক বরখাস্ত করেন।