চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থী মো. আতিফ শেখ খুনের মামলায় তাঁর এক সহপাঠীকে জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামির নাম গুরঙ্গ নিরাজ। আজ রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, আসামি নিরাজকে জিজ্ঞাসাবাদ করতে আকবর শাহ থানার পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১৪ জুলাই রাতে নগরের আবদুল হামিদ সড়কের পাশে লেকভিউ সোসাইটির একটি আবাসিক ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে ছুরিকাঘাতে খুন হন আতিফ। ওই কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর সহপাঠী মাইসনাম উইনসন সিংকে উদ্ধার করা হয়। তাঁরা দুজনই ইউএসটিসির এমবিবিএস চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।
তিন কক্ষের ওই ফ্ল্যাটে ইউএসটিসির চতুর্থ বর্ষের শিক্ষার্থী গুরঙ্গ নিরাজ ও তৃতীয় বর্ষের শিক্ষার্থী জোসনা তম্বুরাম থাকতেন। ১৪ জুলাই রাতে তাঁদের পাঁচ বন্ধু ফ্ল্যাটে আড্ডা দিতে আসেন। রাত সাড়ে ১১টার দিকে তাঁরা চলে যাওয়ার পর খুনের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
আতিফ খুন হওয়ার চার দিন পর গত মঙ্গলবার রাতে তাঁর বাবা আবদুল খালেক বাদী হয়ে নগরের আকবর শাহ থানায় আটজনের বিরুদ্ধে মামলা করেন। আসামিরা হলেন উইনসন সিং, গুরঙ্গ নিরাজ, জোসনা তম্বুরাম, প্রভাকর লাইশারাম, মালেনবাগ মাইনবাম, অথোপাম রোনাল্ড, প্রমেশ চাকমা ও সজল চাকমা। তাঁরা সবাই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) এমবিবিএসের শিক্ষার্থী। আসামিদের মধ্যে ছয়জন ভারতীয়। শেষের দুজন বাংলাদেশি। গত বুধবার নিরাজকে গ্রেপ্তার করা হয়।