গ্রেপ্তার সাত নেতার মুক্তির দাবি জেলা বিএনপির
মৌলভীবাজারে ছাত্রদল, যুবদল ও জাসাসের গ্রেপ্তার সাত নেতার মুক্তির দাবি করেছে জেলা বিএনপি। জেলা কমিটির পক্ষ থেকে গত সোমবার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মুকিত। সেখানে দাবি করা হয়েছে, বিরোধী দলের আন্দোলন দমন করতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে সম্পূর্ণ মিথ্যা মামলা করেছে পুলিশ।সংবাদ সম্মেলনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের লেক রোড এলাকার একটি বাসা থেকে পুলিশ জেলা ছাত্রদলের বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুবদলের এম এ মুহিত, জাসাসের নেতা মারুফ আহমদ, পৌর ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন, রাজনগরের ছাত্রদলের নেতা শাহেদ আহমদ, ছাত্রদলের আবদুল জলিল ও জুবেলকে গ্রেপ্তার করে। সম্মেলনে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আসিক মোশারফ, পৌর বিএনপির সভাপতি সৈয়দ মইনুল হক, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি হেলু মিয়া, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফুয়াদ জামান, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম প্রমুখ।