গ্রেপ্তার সিএনজিচালক ৩ দিন ও সহযোগী ২ দিন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের এক স্কুলশিক্ষককে গুলি করে হত্যা মামলায় আটক সিএনজি অটোরিকশাচালকের তিন দিনের ও চালকের সহযোগীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার রিমান্ড আবেদনের ওপর মৌলভীবাজারের মুখ্য বিচারিক হাকিম-২ আদালতে শুনানি হয়।২৩ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১১টায় পূজামণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে কমলগঞ্জের নোয়াগাঁও নামক স্থানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন স্কুলশিক্ষক ও মণিপুরি সম্প্রদায়ের নেতা রবীন্দ্র কুমার সিংহ। ঘটনার পর থেকে সংখ্যালঘু সম্প্রদায়টি চরম আতঙ্ক রয়েছে। ঘটনার পর কমলগঞ্জ থানা-পুলিশ সিএনজি অটোরিকশাচালক সালাম মিয়া ও তাঁর সহযোগী তজই মিয়ার ওরফে ফেলাই মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। ২৫ অক্টোবর কমলগঞ্জ থানায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা হয়। পুলিশ ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সালাম ও তজইকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। গতকাল সোমবার শুনানি শেষে আদালত সালামের তিন দিন ও তজইয়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে গতকাল সরেজমিনে কালারায় বিল গ্রামে নিহত স্কুলশিক্ষকের বাড়িতে গেলে তাঁর আত্মীয়স্বজন ও মণিপুরি সম্প্রদায়ের নেতারা জানান, ঘটনার পর থেকে তাঁরা আতঙ্কে ভুগছেন। হত্যার রহস্য বেরিয়ে না এলে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে এ ধরনের আরও ঘটনা ঘটতে থাকবে বলে তাঁদের আশঙ্কা।মণিপুরি স্কুলশিক্ষক ধীরেন সিংহ বলেন, এখন সন্ধ্যার আগেই সবাই বাড়িতে ফিরে আসেন। সন্ধ্যার পর থেকে গ্রামের দোকানপাটও বন্ধ হয়ে ভুতড়ে অবস্থা বিরাজ করে।স্থানীয় ইসলামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সোলেমান মিয়া বলেন, ঘটনার পর থেকে নিহত স্কুলশিক্ষক রবীন্দ্র সিংহের বাড়িতে দুজন গ্রাম পুলিশ সার্বক্ষণিক পাহারা দিচ্ছেন।