গ্রেপ্তার সুমন ব্লগার হত্যাকারীদের সম্পর্কে তথ্য দিচ্ছেন: ডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুমন হোসেন
সুমন হোসেন

শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ ওরফে টুটুলসহ তিনজনকে হত্যাচেষ্টার মামলায় রিমান্ডে থাকা সুমন হোসেন পাটোয়ারী ব্লগারসহ কয়েকটি হত্যায় জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য দিচ্ছেন বলে জানিয়েছে ডিবি পুলিশ। ডিবি বলেছে, তিনি পুরস্কারঘোষিত জঙ্গিদের সম্পর্কেও তথ্য দিয়েছেন।
সুমনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল শুক্রবার ছিল রিমান্ডের প্রথম দিন।
সুমনকে গ্রেপ্তারের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চেয়ে যোগাযোগ করা হলে প্রকাশক আহমেদুর রশীদ বলেন, তাঁকেসহ তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় গ্রেপ্তার সুমন জড়িত কি না, সে ব্যাপারে তিনি নিশ্চিত নন।
গত বছরের ৩১ অক্টোবর লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে ঢুকে আহমেদুর রশীদসহ তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। একই দিনে শাহবাগে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ঢুকে কুপিয়ে হত্যা করা হয় প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে।
গত বুধবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। ১৯ মে ব্লগার ও লেখক অভিজিৎ রায়, প্রকাশক ফয়সল আরেফিনসহ কয়েকটি হত্যার ঘটনায় সন্দেহভাজন ছয়জনকে ধরিয়ে দিতে তাঁদের নাম ও ছবি গণমাধ্যমে প্রকাশ করে ডিএমপি। পুলিশ বলছে, এই ছয়জনের একজন সুমন। বাকি পাঁচজন হলেন শরিফুল, সেলিম, সিফাত, রাজু ও সাজ্জাদ। এঁদের ধরিয়ে দিলে দুই থেকে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়।
প্রকাশকসহ তিনজনকে হত্যাচেষ্টা মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র বলেছে, সুমন নিষিদ্ধঘোষিত উগ্রপন্থী জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তিনি ওই হত্যাচেষ্টায় অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। ফয়সল, অভিজিৎসহ কয়েকটি খুনে কারা জড়িত, তাদের নাম-ঠিকানাও বলেছেন। পুরস্কারঘোষিত অপর পাঁচজনের সম্পর্কেও তথ্য দিয়েছেন। জিজ্ঞাসাবাদে সুমন বলেছেন, শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে হামলার আগে উত্তরার আশকোনায় ও ফয়সলকে হত্যার আগে মহাখালীতে বাসা ভাড়া নেওয়া হয়েছিল। এর আগে ডিবি মোহাম্মদপুরের যে বাসা থেকে বিপুল পরিমাণ বোমা উদ্ধার করেছে, সেখানে তিনি বোমা বানানোর প্রশিক্ষণ নিয়েছিলেন। আরও অনেকে প্রশিক্ষণ নিয়েছেন। ভবিষ্যতে বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল তাঁদের।
ডিবির উপকমিশনার মাশরুকুর রহমান খালেদ গতকাল প্রথম আলোকে বলেন, সুমনের তথ্যের ভিত্তিতে ডিএমপির পুরস্কারঘোষিত পাঁচ জঙ্গি এবং প্রকাশক ফয়সল আরেফিন ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকারীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। তারা ধরা পড়লে প্রকাশক ও ব্লগার হত্যার রহস্য উদ্ঘাটিত হবে।
পুলিশের দাবির বিষয়ে জানতে চাইলে বিদেশে অবস্থানরত আহমেদুর রশীদ প্রথম আলোকে বলেন, ‘প্রথমত, আমি এখনো নিশ্চিত নই, পুলিশ যা বলছে তা সত্য কি না। কারণ, অভিজিৎ ও অন্য ব্লগারদের হত্যাকাণ্ডের ব্যাপারে এখনো কোনো সুনির্দিষ্ট অপরাধীকে তারা আটক করতে পারেনি। কিন্তু গত দেড় বছরে এ রকম ফলাও করে প্রচার করা হয়েছে বেশ কিছু আটকের খবর। এসব কারণে আমি এই আটকের ব্যাপারে নিশ্চিত হতে পারছি না এখনো।’
আহমেদুর রশীদ বলেন, ‘আটক এই সুমন যদি সত্যি সেদিনের খুনি গ্রুপের কেউ হয়ে থাকে, তাহলে যেন তাকে বিচারের মুখোমুখি করা হয়।’