গ্রেপ্তার হওয়া আমজাদ আলীর হাসপাতালে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া আমজাদ আলী (৮০) গতকাল শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। হাসপাতাল-২-এর করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটায় তিনি মারা যান।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতে গত ১১ আগস্ট ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কেশরগঞ্জ ও ভালুকজান গ্রাম থেকে আমজাদ আলী ও রিয়াজ উদ্দিন ফকিরকে গ্রেপ্তার করা হয়। পরদিন ময়মনসিংহ থেকে ঢাকায় নেওয়ার পথে গাজীপুরে তাঁদের বহনকারী প্রিজন ভ্যানের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত আমজাদ আলীকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসার পর সুস্থ হলে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তবে বুকে ব্যথার কারণে ২৭ আগস্ট তাঁকে আবার ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মো. নেসার আলম গতকাল প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন আমজাদ আলী। বুকে ব্যথার কারণে তাঁকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে।
ময়নাতদন্ত শেষে আমজাদ আলীর লাশ আজ শনিবার তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান নেসার আলম।