গ্রেপ্তার হওয়া তিনজন তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তার হওয়া ওই তিনজন হলেন আবদুল কাদির (৩০), রাজীব (২২) ও হাজি মামুন (৪৩)। র‌্যাব জানায়, গত শুক্রবার ভোরের দিকে র‌্যাব-৩-এর মগবাজার ক্যাম্পের সামনে এক দম্পতির কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনতাই করেছিলেন প্রাইভেট কারে থাকা কয়েকজন। একপর্যায়ে র‌্যাব ক্যাম্পের ফটকে দায়িত্বরত র‌্যাব সদস্যরা এগিয়ে গেলে তাঁদের উদ্দেশ করে ছিনতাইকারীরা গুলি করেন। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও গুলি চালান। এতে ছিনতাইকারীদের একজন শফিকুল গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় গুলিবিদ্ধ ছিনতাইকারীসহ অন্যরা প্রাইভেট কার নিয়ে দ্রুত পালিয়ে যান। কিন্তু কিছুদূর যাওয়ার পর একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে গাড়ি ধাক্কা খায়। পরে আহত শফিকুলকে নিয়ে ওই তিন সহযোগী রাজধানীর স্কয়ার হাসপাতালে যান। সেখানে শফিকুল মারা যান। পরে খবর পেয়ে পুলিশ শফিকুলের লাশ এবং তিনজনকে গ্রেপ্তার করে। তবে গত শুক্রবার শফিকুলের পরিবার সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি জুরাইনের সেতু মার্কেটে শাড়ির ব্যবসা করেন। থাকেন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পূর্ব শেরচর এলাকায়। তিনি ছিনতাইকারী ছিলেন না।

গতকাল রমনা থানার এসআই মিজানুর রহমান বলেন ছিনতাই, সরকারি কাজে বাধা প্রদান, অবৈধ অস্ত্র রাখাসহ বেশ কয়েকটি অপরাধে গ্রেপ্তার তিনজনসহ আরও কয়েকজনের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে। একজন নিহত হওয়ার তথ্য ও তিনটি মামলায় উল্লেখ থাকা অপরাধের বর্ণনা দিয়ে আদালতে রিমান্ডের আবেদন করা হয়। শফিকুলের ভাই মফিজুল ইসলাম বলেন, গত শুক্রবার ময়নাতদন্তের জন্য তাঁরা শফিকুলের লাশ নারায়গঞ্জে নিয়ে যান। রাত তিনটার দিকে ফতুল্লার পূর্ব শেরচরে স্থানীয় কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।