নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন (৩২) হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া আ. মান্নানকে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।গতকাল বিকেলে স্থানীয় চরকাসিমনগর উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে নাজিমউদ্দিনের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নাজিমউদ্দিনের বড় ভাই জিল্লুর রহমান বলেন, তিনি প্রায়ই খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করতেন। আসামিদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে খুনের রহস্য বের হতে আসতে পারে বলে তাঁর ধারণা।গ্রেপ্তার হওয়া আ. হান্নানের পরিবারের সদস্যদের দাবি, আগের একটি ঘটনা নিয়ে নাজিমউদ্দিনের পরিবারের সঙ্গে তাঁদের বিরোধ থাকলেও তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত নয়।গত শনিবার রাতে উপজেলার জালুকান্দা গ্রামের কাঞ্চন মিয়ার বাড়িতে দাওয়াত খেয়ে বের হওয়ার পর নাজিমউদ্দিন আর বাড়ি ফেরেননি। গত বৃহস্পতিবার চরকাসিমপুর বোর্ডবাজার এলাকায় ব্রহ্মপুত্র নদের পার থেকে তাঁর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই দিনই জালুকান্দা গ্রামের আ. মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। আ. মান্নান খুনের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি।