সিলেটে জালালাবাদ গ্যাসের সিবিএ নেতা আবু তাহের হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া মোবাশ্বির হোসেনকে দ্বিতীয় দফা রিমান্ডে নিয়েছে নগর গোয়েন্দা পুলিশ। গত রোববার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে প্রথম দফা রিমান্ড শেষে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বিতীয় দফায় আরও সাত দিনের রিমান্ড প্রার্থনা করেন। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, মোবাশ্বির হোসেন জালালাবাদ গ্যাসের বিয়ানীবাজার আঞ্চলিক কার্যালয়ে সহকারী গাড়িচালক পদে কর্মরত। গত ১০ জুন সিবিএ নেতা হত্যা ঘটনার পর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত থাকায় গত ৩০ জুন তাঁকে ঢাকার টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১ জুলাই আদালতে হাজির করে প্রথম দফায় দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুল আউয়াল চৌধুরী জানান, জিজ্ঞাসাবাদে মোবাশ্বের নিজেকে নির্দোষ দাবি করলেও হত্যা ঘটনা সম্পর্কে তাঁর কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ জন্য দ্বিতীয় দফায় তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।