গ্রেপ্তার হওয়া দুই নারীর জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে প্রবাসী যুবক আজিজুল করিমকে অপহরণ, হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই নারী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে জবানবন্দি দেন তাঁরা।

নিহত আজিজুল সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আলী আহম্মদের ছেলে। গত শুক্রবার সকালে জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী নুরুল আফসারের সঙ্গে তাঁর ঝগড়া হয়। এরপর দুপুর থেকে নিখোঁজ হন তিনি। মা ছায়েরা খাতুন ওই দিনই নুরুলসহ ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে মামলা করেন। পরদিন শনিবার দুপুরে পুলিশ পাশের একটি বাড়ির তালাবদ্ধ ঘর থেকে লাশ উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় নুরুলের স্ত্রী সুরমা বেগম ও মেয়ে হামিদা আক্তারকে।

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন উর রশিদ বলেন, গ্রেপ্তার হওয়া দুই নারী প্রথমে পুলিশের কাছে হত্যাকাণ্ডে সহযোগিতা করার কথা স্বীকার করেন। পরে গতকাল সন্ধ্যায় ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. দেলোয়ার হোসেনের আদালতে তাঁরা অপহরণ, হত্যা ও লাশ গুমের ঘটনায় জবানবন্দি দেন।

সোনাগাজী থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. রমজান আলী বলেন, জবানবন্দিতে দুই নারী এজাহারনামীয় আসামিদের ছাড়াও দুই-তিনজনের নাম বলেছেন।