গ্রেপ্তার হওয়া বখাটেকে ছিনিয়ে নিয়ে পুলিশের ওপর হামলা
সিলেটের গোলাপগঞ্জে এক বখাটেকে গ্রেপ্তার করতে গিয়ে এলাকাবাসীর হামলার মুখে পড়েছে পুলিশ। মামলার আসামি ওই বখাটেকে পুলিশ গ্রেপ্তার করলেও এলাকাবাসী ছিনিয়ে নিয়ে যান। এ নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে তিন পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। একপর্যায়ে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার গোলাপগঞ্জ থানায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, মীরগঞ্জ দাখিল মাদ্রাসার এক ছাত্রীকে কয়েক দিন ধরে আবদুল বাছিত নামের এক যুবক উত্ত্যক্ত করে আসছিল। গত বৃহস্পতিবার ওই ছাত্রীর এক ভাই তাঁর বোনকে উত্ত্যক্ত করতে বাছিতকে নিষেধ করেন। বাছিত তখন ছাত্রীর ভাই ও তাঁর এক বন্ধুকে মারধর করে। এ ঘটনায় ছাত্রীর ভাই বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় বাছিতকে আসামি করে মামলা করেন।শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় গোলাপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামছুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ওই গ্রামে গিয়ে বাছিতকে গ্রেপ্তার করে। তখন বাছিতের পক্ষ নিয়ে এলাকাবাসী জড়ো হয়ে পুলিশকে অবরোধ করে রাখেন। এ সময় এলাকাবাসী এসআই শামছুল ও দুজন কনস্টেবলের ওপর হামলা চালিয়ে বাছিতকে ছিনিয়ে নেন। এসআই শামছুল জানান, ছিনিয়ে নেওয়া আসামি গ্রেপ্তারের চেষ্টা করতে গিয়ে কনস্টেবলসহ তিনি এলাকাবাসীর ইটপাটকেলে আহত হন। খবর পেয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসীর সঙ্গে বিচ্ছিন্ন সংঘর্ষ হয়। ১৭টি ফাঁকা গুলি ছুড়ে রাত প্রায় নয়টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। কয়েকজন এলাকাবাসী জানান, পুলিশ আসামি গ্রেপ্তার করলে কী কারণে গ্রেপ্তার করা হয়েছে—এ বিষয়টি জানতে চাওয়া নিয়ে সংঘর্ষ বাধে। একপর্যায়ে আসামি পালিয়ে গেলে পুলিশ ফের এলাকাবাসীর ওপর চড়াও হয়। পুলিশের লাঠিপেটায় সাতজন এলাকাবাসী আহত হন।গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী জানান, এসআইসহ আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় এসআই মোহাম্মদ আশরাফ ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশের ওপর হামলার অভিযোগে ঘটনাস্থল থেকে ইউপি সদস্য বদরুল হককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।