গ্রেপ্তার হওয়া বাসের চালক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারিধারা পার্কে বেড়ানোর বায়না ধরেছিল ১০ বছর বয়সী শিশু আসমা। মা তাঁর মেয়ের আবদার পূরণের জন্য বাসা থেকে বেরিয়ে সন্তানকে পার্কে নিয়ে যান। সেখান থেকে দুজনকেই ফিরতে হলো লাশ হয়ে। স্ত্রী ও সন্তানকে হারিয়ে বারবার এই কথাগুলো বলছিলেন আসমার বাবা ভাঙারি ব্যবসায়ী আবু বকর সিদ্দিক। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বেপরোয়া গতির একটি বাস রাজধানীর বারিধারা এলাকায় জহুরা বেগম (৩৫) ও তাঁর মেয়ে আসমা আক্তারকে (১০) চাপা দেয়। আসমা বাড্ডার জগন্নাথপুর স্কুলের পঞ্চম শ্রেণীতে পড়ত। মা মেয়েকে পিষ্টকারী ঘাতক বাসের চালক মজনু মিয়াকে গতকাল কারাগারে পাঠানো হয়েছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন জানান, নিহত শিশুর বাবা আবু বকর সিদ্দিক বাদী হয়ে এ ব্যাপারে দুর্ঘটনাজনিত মৃত্যুর অভিযোগে বাসের চালক মজনু মিয়াকে আসামি করে থানায় মামলা করেন। দুর্ঘটনায় আটক বাসের চালক মজনু মিয়াকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। আটক বাসটি থানা চত্বরে রয়েছে। পারিবারিক সূত্র জানায়, গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মা-মেয়ের লাশ তাঁদের গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইলের দিলালপুরে নেওয়া হয়। দিলালপুর কবরস্থানে রাতে তাঁদের লাশ দাফন করা হয়। নিহত শিশু আসমার চাচা আবুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্ত্রী-সন্তান হারিয়ে তাঁর ভাই শোকে পাথর হয়ে গেছেন। বেঁচে থাকা ভাতিজা সুজন (১২) ও রিপার (৫) কান্না থামাতে কোনো সান্ত্বনাই কাজে লাগছে না।