গ্রেপ্তার হওয়া মিন্টু ছিল নেশাখোর, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় দুই চাচাতো ভাইবোনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া দিনমজুর মিন্টু মিয়া একজন নেশাখোর। তিনি মানসিক রোগী বা মানসিকভারসাম্যহীন। নেশার কারণে তিনি দুই শিশুকে কোদাল দিয়ে আঘাত করে হত্যা করেছেন বলে পুলিশ নিশ্চিত হয়েছে। এদিকে, দুই শিশু হত্যার ঘটনায় নিহত তানিয়ার বাবা জামাল কসাই গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে মিন্টুর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। জামাল জানান, ‘আমার মেয়ে ও ভাতিজা হত্যাকারীর এমন শাস্তি চাই, যেন কেউ শিশু হত্যা করতে সাহস না পায়।’ এ কথা বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। নিহত শিশুদের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ত্রিশাল পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের কসাইবাড়িতে নিয়মিত যাতায়াত করতেন মিন্টু। ভবঘুরে হিসেবে পরিচিত মিন্টু নিয়মিত নেশা করতেন। নেশার টাকা জোগাতে তিনি কখনো চা-স্টলে, কখনো দিনমজুরের কাজ করতেন। নিজের কোনো বাড়িঘর না থাকায় ভিক্ষা করে দিনযাপন করতেন। বৃহস্পতিবার রাত আটটায় হত্যাকাণ্ডের কিছুক্ষণ আগে তিনি কসাইবাড়িতে কোদাল নিয়ে নারীদের ভয় দেখিয়েছিলেন। কেউ বুঝতে পারেনি তিনি কিছুক্ষণের মধ্যে শিশুদের নির্মমভাবে খুন করবেন। চরপাড়া এলাকার ইউনুছ আলী জানান, মিন্টু সবসময় বিভিন্ন ধরনের নেশা সেবন করতেন। অনেক আগে থেকেই তিনি এ এলাকায় থাকেন। কিন্তু তাঁর বাড়ি কোথায়, তা তাঁরা জানেন না। তবে আগে কখনো এমন ঘটনা ঘটাননি। জামাল কসাইয়ের বড় ভাই হেলাল বলেন, ‘মিন্টু বেবিট্যাক্সির চালক ছিলেন। একসময় তিনি চা-সিগারেটের দোকান চালাতেন। প্রায় সময় তিনি আমাদের বাড়িতে দিনমজুরের কাজ করতেন। তিনি পাগল নন মূলত নেশাখোর ছিলেন। আকস্মিক তিনি কেন হত্যাকাণ্ড করে আমাদের ঘর শূন্য করলেন সে রহস্য বুঝতে পারছি না।’ দুই শিশু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, মিন্টু দুই শিশুকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। তিনি জানান, মিন্টুকে এলাকার মানুষ পাগল বলে আখ্যায়িত করলেও তাঁর সঙ্গে কথা বলে বোঝা গেছে, আসলে তিনি পাগল নন। তিনি নেশাখোর। নেশার ঘোরে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেছেন।