রাজধানীর পুরানা পল্টনে পোশাক ব্যবসায়ী মাজহারুল হকের লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হওয়া চারজনকে গতকাল শনিবার কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। পল্টন থানা সূত্রে জানা গেছে, ঈদের দিন দুপুরে পল্টনের গ্র্যান্ড আজাদ হোটেল থেকে লাশ উদ্ধারের পর ওই হোটেলের চার কর্মীকে গ্রেপ্তার করে এক দিনের রিমান্ডে নেয় পুলিশ। তাঁদের মধ্যে দুজন হোটেলের কর্মচারী ও অপর দুজন নিরাপত্তাকর্মী। গতকাল দ্বিতীয় দফায় আরও পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে পুলিশ তাঁদের আদালতে পাঠায়। শুনানি শেষে আদালত রিমান্ড নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ওই চার কর্মী রিমান্ডে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেননি। তবে রিমান্ডে তাঁদের কাছ থেকে নানা তথ্য সংগ্রহ করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা বলেন, ব্যবসায়িক বিরোধের জের ধরে মাজহারুলকে হত্যা করা হয়ে থাকতে পারে।