রাজধানীর গুলিস্তানে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় আহত চার পুলিশ সদস্য এখনো রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ১২ হকারকে গতকাল শনিবার কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে সংঘর্ষে আহত সাতজনের মধ্যে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হকসহ তিনজনকে চিকিৎসা শেষে রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে গতকাল শনিবার ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশের বাকি আহত চার সদস্য ওই হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার বিকেলে গুলিস্তানের আহাদ পুলিশ বক্সের সামনের সড়ক দখল করে বসা হকারদের উচ্ছেদ করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। গতকাল শনিবার আবারও হকাররা ওই সড়কজুড়ে পসরা মেলে বসেন। সূত্র জানায়, ক্ষমতাসীন একশ্রেণীর নেতাদের মদদপুষ্ট হকাররা সড়ক দখল করে বসায় গতকালও ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়।পল্টন থানার ওসি শহীদুল হক প্রথম আলোকে জানান, সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হওয়া ১২ হকারকে গতকাল আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠিয়ে দেন। গত শুক্রবার রাতে থানার উপপরিদর্শক (এসআই) অনাথ চন্দ্র বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১২ হকারসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন।শুক্রবার বিকেলে রাজধানীর গুলিস্তান এলাকায় পুলিশের সঙ্গে হকারদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন। এ সময় পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গাড়িসহ দুটি গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ১২ হকারকে গ্রেপ্তার করে।