চট্টগ্রামে রেলওয়ের সিআরবিতে কোটি টাকার দরপত্র নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হওয়ার বহুল আলোচিত ঘটনার মামলার তদন্ত চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এরই মধ্যে ঘটনার আট মাস পেরিয়ে গেছে।
এদিকে মামলার অন্যতম আসামি অজিত বিশ্বাসসহ এজাহারভুক্ত ৮৭ আসামির মধ্যে ৩১ জনকে গ্রেপ্তারই করতে পারেনি পুলিশ। বাকি ৫৬ জনকে গ্রেপ্তার করলেও একে একে সবাই জামিনে বেরিয়ে গেছেন। এ অবস্থায় হতাশায় ভুগছেন নিহত ব্যক্তিদের স্বজনেরা।
আবার ঘটনার দিন প্রকাশ্যে অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা মহড়া দিলেও এই আট মাসে ওই সব অস্ত্রের একটিও উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলার আসামিরা ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মী হওয়ায় তাঁদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে পুলিশ কিছু করতে পারছে না; বরং নানা ধরনের বিপাকে রয়েছেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা।
এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সালেহ উদ্দিন হায়দার সিদ্দিকী বলেন, ‘কোটি টাকার দরপত্র নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হন। চলে অস্ত্রের মহড়াও। এত বড় ঘটনার তদন্ত আট মাসেও শেষ করতে পারেনি পুলিশ। আসামিদের দলীয় পরিচয়কে বড় করে না দেখে তাঁদের অপরাধী হিসেবে দেখে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। পুলিশকে রাজনৈতিক চাপমুক্ত রেখে কাজ করতে দিতে হবে। নইলে রাজনৈতিক দলকেও এর খেসারত দিতে হবে।’
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, ‘তদন্ত অব্যাহত আছে। কোনো আসামি আদালত থেকে জামিন পেলে পুলিশের কিছুই করার নেই।’
আসামিরা একে একে জামিনে বেরিয়ে আসা প্রসঙ্গে নিহত শিশু আরমানের মা আছিয়া বেগম প্রশ্ন রেখে বলেন, ‘দেশে গরিবের জন্য কি কোনো আইন নেই?’ অপর নিহত ব্যক্তি সাজু পালিতের মা মিনতি পালিত বলেন, ‘আমার নিরপরাধ ছেলেকে গুলি করে হত্যা করেছে আসামি অজিত বিশ্বাস। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও পুলিশ তাকে ধরছে না। ছেলে হত্যার বিচার কি আমি পাব না?’
মামলার তদন্তের কোনো অগ্রগতি না হলেও এ সম্পর্কে চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) শাহ মুহাম্মদ আবদুর রউফ অবশ্য জানান ভিন্ন কথা। তিনি বলেন, ‘তদন্ত অনেক দূর এগিয়েছে। তবে ঘটনায় ব্যবহূত কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি।’
এজাহারভুক্ত আসামিদের বেশির ভাগই ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মী হওয়ায় কোনো রাজনৈতিক চাপে আছেন কি না, জানতে চাইলে এর সরাসরি জবাব না দিয়ে আবদুর রউফ বলেন, ‘তদন্তের স্বার্থে কাউকে বাদ দেওয়া হবে না।’
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আসামিরা সব ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মী হওয়ায় এক পক্ষ চাইছে আরেক পক্ষকে ফাঁসাতে। পুলিশ না পারছে কাউকে ধরতে, না পারছে তদন্ত শেষে প্রতিবেদন জমা দিতে।
মামলার পটভূমি: চট্টগ্রাম রেলওয়ে সিআরবিতে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হেলাল আকবর চৌধুরী ওরফে বাবর এবং নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক সাইফুল আলম ওরফে লিমনের পক্ষের মধ্যে কোটি টাকার দরপত্র নিয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনাটি ঘটে গত বছরের ২৪ জুন। সংঘর্ষে প্রাণ হারান সাজু পালিত (২৮) ও শিশু আরমান (৮)।
ওই ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মহিবুর রহমান বাদী হয়ে হেলাল আকবর চৌধুরী ও সাইফুল আলমসহ ৮৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করে থানায় মামলা করেন। পরবর্তী সময়ে সাজু পালিতের মা বাদী হয়ে অজিত বিশ্বাসসহ চারজনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় হেলাল আকবর চৌধুরী ও সাইফুল আলমসহ ৫৬ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গত বছরের ৪ আগস্ট জামিনে মুক্তি পান সাইফুল আলমসহ ১৬ জন। পরে ১৬ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান হেলাল আকবর চৌধুরীসহ অপর ৪০ জন।