গ্রেপ্তার হতে প্রস্তুত মাহমুদুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় দিন ধরে কার্যালয়েই অবস্থান করছেন দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। সেখানেই চলছে খাওয়া, ঘুম ও প্রাত্যহিক কাজকর্ম।গতকাল শুক্রবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে প্রথম আলোকে মাহমুদুর রহমান বলেছেন, গ্রেপ্তার হতে প্রস্তুত আছেন তিনি। তাঁকে গ্রেপ্তার করতে হলে আমার দেশ কার্যালয় থেকেই করতে হবে।গতকাল পত্রিকার কার্যালয়ে গিয়ে দেখা যায়, দুজন আইনজীবীর সঙ্গে কথা বলছেন মাহমুদুর রহমান। পত্রিকার কয়েকজন সাংবাদিক জানান, প্রতিদিনই তাঁর সঙ্গে দেখা করতে আসছেন রাজনীতিক, লেখক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ।১৩ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. শাহিদুর রহমান বাদী হয়ে আমার দেশ-এর সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নালিশি আবেদন করেন। পরে আদালতের নির্দেশে আবেদনটি এজাহার হিসেবে গ্রহণ করে তেজগাঁও থানা। মামলায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৬ ও ৫৭ ধারা এবং দণ্ডবিধির ১২৪-এর ‘ক’ (রাষ্ট্রদ্রোহ) ও ৫০৫ (জনসাধারণের অনিষ্টকারী বিবৃতি প্রকাশ) ধারায় অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক ও বেলজিয়াম-প্রবাসী আইনজীবী আহমেদ জিয়াউদ্দিনের স্কাইপ সংলাপের কিছু অংশ পত্রিকায় প্রকাশ করার পর এই অভিযোগ আনা হয়। মামলা হওয়ার পর থেকে পত্রিকা কার্যালয়েই অবস্থান করছেন মাহমুদুর রহমান।মাহমুদুর রহমান বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতার প্রতি সম্মান দেখিয়ে সরকার আমার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে পারে। তবে আমি যেকোনো সময় গ্রেপ্তার হতে প্রস্তুত। সে পর্যন্ত আমি এখানেই আছি। আমার ব্যাগ গোছানো রয়েছে।’জানতে চাইলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান গতকাল প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়েই এই মামলা হয়েছে।