মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় স্কুলছাত্রী সীমা ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি মো. নুরুকে চার মাসেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে মামলা তুলে নিতে বাদীপক্ষকে আসামিপক্ষের লোকজন নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও সীমার স্বজনেরা জানান, উপজেলার বরাইদ গ্রামের মুন্নু আবাসন প্রকল্পের বাসিন্দা দিনমজুর সাহেদ আলীর মেয়ে সীমা আক্তার (১১) গত বছরের ২ নভেম্বর নিখোঁজ হয়। রাত ১০টার দিকে আবাসনের একটি পরিত্যক্ত ঘরে শিশুটির লাশ পাওয়া যায়। এ ঘটনায় শিশুটির বাবা একই গ্রামের নুরু (৪০), হাসান (২০), বারেকসহ (২৮) ছয়জনকে আসামি করে থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে নুরু, হাসান ও বারেক সীমাকে উত্ত্যক্ত করতেন। একপর্যায়ে সুযোগ পেয়ে নুরু পরিত্যক্ত ওই ঘরে মেয়েটিকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে তাঁর সঙ্গী হাসান, বারেক, শাহীন, জসিম ও শাহীনুর ধর্ষণ করেন। ঘটনা ধামাচাপা দিতে নুরু ও শাহীন শেষ পর্যন্ত সীমাকে হত্যা করেন।
পুলিশ জানায়, আসামি হাসান ও বারেককে গ্রেপ্তার করে ৪ ফেব্রুয়ারি মানিকগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। এজাহারভুক্ত ছয় আসামি গণধর্ষণের পর সীমাকে শ্বাসরোধে হত্যা করেছেন বলে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন হাসান ও বারেক। ওই দিন বিকেলেই অপর আসামি শাহীনুরকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে এই তিনজন কারাগারে আছেন। এ নিয়ে ওই সময় প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়।
সীমার বাবা সাহেদ ও ফুফা লাল মিয়া অভিযোগ করেন, চার মাস পেরিয়ে গেলেও মামলার মূল আসামি নুরুকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে আসামিদের স্বজনেরা মামলা তুলে নিতে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন বলেন, মামলাটি তদন্তাধীন। মূল আসামিসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।