গ্রেপ্তার হলেন নার্স নেতা শাহজাহান
ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের একাংশের সভাপতি শাহজাহান হাওলাদার গ্রেপ্তার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে শাহবাগ থানা পুলিশ রাজধানীর রমনা পার্কসংলগ্ন সড়ক ভবনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে কর্মসূচি শেষ করে যাওয়ার সময় সড়ক ভবনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, স্বাস্থ্যসেবা খাতে ও প্রশাসনে বিশৃঙ্খলা সৃষ্টি, অপপ্রচার করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে। ওসি জানান, নার্স-নেতা শাহজাহান হাওলাদারের বিরুদ্ধে শাহবাগ থানায় কেউ মামলা দায়ের না করলে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নার্স-নেতা শাহজাহান হাওলাদার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত নার্সদের হয়রানিমূলক বদলি ও তাঁদের সাময়িক বরখাস্ত-প্রক্রিয়ার সঙ্গে জড়িত। সম্প্রতি শাহজাহান নার্সদের সদস্য ফরম সংগ্রহের নামে সারা দেশের নার্সদের কাছ থেকে চাঁদা নেন। ২০০৫ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সেবা পরিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য ও তাঁদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার অভিযোগে শাহজাহান চাকরিচ্যুত হয়েছিলেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরই তিনি চাকরি ফিরে পান। বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের সভানেত্রী তাপসী ভট্টাচার্য ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা সাজেদা বেগম গতকাল যৌথ বিবৃতিতে বলেন, শাহজাহানের কথামতো যারা চলেনি সেবা পরিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালককে দিয়ে তিনি ওই নার্সদের হয়রানিমূলক বদলি ও সাময়িক বরখাস্ত করিয়েছেন।