গ্রেপ্তার হাবিলদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সোনার দোকানের দুই কর্মচারীর কাছ থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে ২০৫ ভরি সোনা লুটের মামলায় গ্রেপ্তার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার মেজবাহ উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল হাছান শুনানি শেষে এ আদেশ দেন।
গত সোমবার দুই দোকান কর্মচারী পলাশ চক্রবর্তী ও বিশ্বজিৎ নন্দীর কাছ থেকে ডিবি পরিচয় দিয়ে দুই যুবক ২০৫ ভরি সোনা ছিনিয়ে নেয়। এর আগে দুজনকে চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাহাড়তলী স্টেশনের দায়িত্বপ্রাপ্ত হাবিলদার মেজবাহ উদ্দিনের কক্ষে ডেকে নেওয়া হয়। এ ঘটনায় কর্মচারী পলাশ চক্রবর্তী বাদী হয়ে চট্টগ্রাম রেলওয়ে থানায় মেজবাহর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় রেলের নিরাপত্তা বাহিনীর দুই কর্মীকে আসামি করে মামলা করেন। পরদিন রেল কর্তৃপক্ষ মেজবাহকে সাময়িক বরখাস্ত করে।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, সোনা লুটের মামলার আসামি মেজবাহ উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডের আবেদন করে রেলওয়ে থানার পুলিশ। শুনানি শেষে আদালত আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল দুপুরে আদালত প্রাঙ্গণে মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ঘটনার দিন দুজন যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে দুই ব্যক্তিকে আমার কক্ষে নিয়ে তল্লাশি করে। তাদের কাছ থেকে সোনা পাওয়া গেছে কি না, জানি না। ডিবির দুই পুলিশকেও চিনি না।’
ডিবি পুলিশ নিশ্চিত না হয়ে কেন তল্লাশি করতে দিলেন প্রশ্নের জবাবে বলেন, তাদের কোমরে হাতকড়া ছিল। সেদিন অসুস্থ থাকায় বিষয়টি খেয়াল করা হয়নি।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু দাশ জানান, লুট হওয়া সোনাগুলো উদ্ধারে পুলিশের অভিযান চলছে।