চট্টগ্রামে জুয়েলারি দোকানের দুই কর্মচারীর কাছ থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে ২০৫ ভরি সোনা লুটের মামলায় গ্রেপ্তার হওয়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার (বরখাস্ত) মেজবাহ উদ্দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু ইউসুফ শুনানি শেষে এ আদেশ দেন।
গত ২৯ ফেব্রুয়ারি দুই দোকান কর্মচারী পলাশ চক্রবর্তী ও বিশ্বজিৎ নন্দীর কাছ থেকে ডিবি পরিচয় দিয়ে দুই যুবক ২০৫ ভরি সোনা ছিনিয়ে নেন। এর আগে দুজনকে চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাহাড়তলী স্টেশনের দায়িত্বপ্রাপ্ত হাবিলদার মেজবাহ উদ্দিনের কক্ষে ডেকে নেওয়া হয়। এ ঘটনায় কর্মচারী পলাশ চক্রবর্তী বাদী হয়ে চট্টগ্রাম রেলওয়ে থানায় মেজবাহর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় রেলের নিরাপত্তা বাহিনীর দুই কর্মীকে আসামি করে মামলা করেন। পরদিন রেল কর্তৃপক্ষ মেজবাহকে সাময়িক বরখাস্ত করে।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, সোনা লুটের মামলার আসামি মেজবাহকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডের আবেদন করে চট্টগ্রাম রেলওয়ে থানার পুলিশ। মেজবাহর আইনজীবীরা আদালতকে বলেন, তিনি অসুস্থ। পরে শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে দেন।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু দাশ জানান, লুট হওয়া সোনা এখনো উদ্ধার করা যায়নি। আসামিকে জিজ্ঞাসাবাদ করতে কয়েক দিনের মধ্যে আবারও আবেদন করা হতে পারে।