গ্রেপ্তার ১১ জন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক ব্যাংকের গুলশান শাখা থেকে ভুয়া আমমোক্তারনামা দিয়ে জালিয়াতির মাধ্যমে এক প্রবাসীর মেয়াদি আমানতের ৯০ কোটি টাকা তোলার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১১ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামান তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গতকাল গুলশান থানার পুলিশ ওই ১১ জনকে আদালতে হাজির করে তাঁদের কারাগারে আটক রাখার আবেদন জানায়। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
গ্রেপ্তার হওয়া ১১ আসামি হলেন প্রতারক চক্রের মূল হোতা কাজী শাহাদত হোসেন, সাব্বির রহমান, নজরুল হক, শাহাবুর রহমান, হাসিবুল হাসান, মাহবুবুর রহমান, মিরাজুল ইসলাম, খোরশেদ আলম, দেলোয়ার হোসেন, সেলিম আহমেদ ও শাহজাহান।
আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, ব্র্যাক ব্যাংকের গুলশান শাখা থেকে জালিয়াতির মাধ্যমে মেয়াদি আমানতের (এফডিআর) ৯০ কোটি টাকা তোলার চেষ্টার সময় গত রোববার পুলিশ এই ১১ জনকে আটক করে। প্রতারক চক্রের মূল হোতা হলেন কাজী শাহাদত হোসেন। শাহাদতকে এক কানাডাপ্রবাসী ৯০ কোটি টাকার এফডিআরের বিষয়ে আমমোক্তার হিসেবে রেখে যান। শাহাদত ও আরও ১০ ব্যক্তি ওই প্রবাসীর অনুমতি ছাড়া এফডিআরের ৯০ কোটি টাকা উত্তোলন করতে ব্যাংকে যান। বিষয়টি ব্যাংক কর্মকর্তাদের সন্দেহ হলে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ ব্যাংকে গিয়ে ১১ প্রতারককে গ্রেপ্তার করে। মামলাটি তদন্তাধীন আছে। তাই তাঁদের আটক রাখা প্রয়োজন।