গ্রেপ্তার ২৪ জন রিমান্ডে
রাজধানীর দারুস সালাম থানার এএসআই ইব্রাহীম মোল্লা হত্যা মামলায় এজাহারভুক্ত পাঁচ আসামিসহ ২৪ জনকে রিমান্ডে নিয়েছে ডিবি। এর মধ্যে এজাহারভুক্ত পাঁচজনের ছয় দিন করে এবং সন্দেহভাজন ১৯ জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল রোববার ঢাকার মহানগর হাকিম এমদাদুল হক এবং জাহাঙ্গীর হোসেন পৃথক দুটি আদেশে এই রিমান্ড মঞ্জুর করেন।
এএসআই ইব্রাহীম মোল্লা হত্যা মামলা তদন্ত করছে ডিবি পুলিশ। ওই ২৪ জনকে গতকাল রিমান্ডে নেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন ডিবির উপকমিশনার (পশ্চিম) সাজ্জাদুর রহমান।
এজাহারভুক্ত পাঁচ আসামি হলেন শেখ রফি আহমেদ, চিকিৎসক মো. ইউনুস আলী, মো. মাসুদ রানা, খন্দকার মেহেদি হাসান ও চিকিৎসক তৌফিকুর রহমান।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক সেলিম হোসেন বগুড়া থেকে আটক সন্দেহভাজন ১৯ জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে তাঁদের সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
গত বৃহস্পতিবার রাতে রাজধানীর গাবতলীতে তল্লাশিচৌকিতে এক সন্দেহভাজনের ব্যাগ তল্লাশির সময় এএসআই ইব্রাহিম মোল্লাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।