গ্রেপ্তার ২৫০, কারাদণ্ড ১২ জনকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধ কর্মসূচির মধ্যে ১২ জেলা থেকে আরও ২৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের অনেকেই অবরোধ-হরতালের সময় সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার আসামি। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে নাশকতা সৃষ্টির আশঙ্কায়।
এ ছাড়া গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে সাতক্ষীরায় শহর জামায়াতের আমিরসহ দুজন এবং রাজশাহীতে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ঢাকার বাইরে থেকে নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) গাজিউর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শহরের কলোনি এলাকায় ইসলামী ছাত্রশিবির নিয়ন্ত্রিত দুটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে ছয়টি ককটেলসহ শিবিরের ১০ কর্মীকে আটক করা হয়েছে।
বগুড়া সদর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) নুরে-ই-আলম সিদ্দিকী জানান, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের কলোনি এলাকার বেলজিয়াম মাঠ এলাকায় ছাত্রশিবির নিয়ন্ত্রিত ‘বুড়ির ছাত্রাবাস’ থেকে ছয়টি ককটেলসহ সাতজন এবং পাশের আরেকটি ছাত্রাবাস থেকে জিহাদি বইসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক হওয়া সবাই ইসলামী ছাত্রশিবিরের কর্মী এবং তাদের কাছে সংগঠনটির প্রচারপত্র, জিহাদি বইসহ নানা রকম রাষ্ট্রবিরোধী প্রচারণার আলামত পাওয়া গেছে।
চুয়াডাঙ্গায় পুলিশের গাড়িতে বোমা হামলার মামলায় জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শহরের বুজরুকগড়গড়ি এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রংপুরে পুলিশের গোয়েন্দা বিভাগের উপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, শুক্রবার রাতে রংপুরে ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের মধ্যে ১৭ জন জামায়াত-কর্মী ও দুজন বিএনপির কর্মী রয়েছে। বাকি ৪০ জন বিভিন্ন মামলার আসামি।
ফরিদপুরের বোয়ালমারীতে নাশকতার অভিযোগে বোয়ালমারী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্বাসসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে ও গতকাল শনিবার উপজেলার সদরের কালীনগর, কালিয়ান্ড ও চতুল গ্রামে অভিযান চালিয়ে ওই নেতা ও কর্মীদের গ্রেপ্তার করা হয়।
নাশকতা সৃষ্টির অভিযোগে সাতক্ষীরা শহর জামায়াতের আমীর মো. ওবায়দুল্লাহসহ ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে বিএনপি-জামায়াতের নয়জন নেতা-কর্মী রয়েছে। গতকাল সকালে সাতক্ষীরা পিএন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে ওবায়দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। অন্যদের শুক্রবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
নাশকতা সৃষ্টির অভিযোগে ওবায়দুল্লাহকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. আবদুল সাদী তাঁকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়া সাতক্ষীরায় জেএমবি সদস্য সেলিম বাবুকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও আবদুল সাদী এ দণ্ড দেন। এর আগে নাশকতা সৃষ্টির চেষ্টাকালে সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
রাজশাহীতে শুক্রবার রাতে ১০ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এঁদের মধ্যে নাশকতার প্রস্তুতিকালে আটক বিএনপি-জামায়াতের তিন কর্মীকে দুই মাস করে ও অপর সাতজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়। আদালতের বিচারক ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শামসুল আরেফিন। মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নগরের নওদাপাড়া এলাকার মোস্তাফিজুর রহমান (২০), মতিহারের বাজে কাজলা এলাকার আবদুল গফুর (৪৫) ও রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলা এলাকার আরব আলী (৪৮), কালুমিস্ত্রির মোড় এলাকার বাচ্চু (২০), মেহেরচণ্ডী এলাকার রাজ্জাক (২৫), রানীনগরের মোস্তাকিন (৪৭), খড়খড়ির মাসুদ করিম (৩২), শেখের চকের হায়দার আলী (২০), রামচন্দ্রপুরে শরীফুল ইসলাম (৩০) ও কয়েরদাড়ার মন্টু শেখ (৩০)।
এ ছাড়া রাজশাহী নগরের কাজলা ও কাপাশিয়ায় বাস ও ট্রাকে আগুন এবং তানোর ও পবা উপজেলায় দুটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করার ঘটনায় গতকাল তিনটি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপি-জামায়াতের অর্ধশত নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ছয়জনকে।
ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল ও অবরোধে নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি ও শিবিরের ১৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
নোয়াখালী সদরসহ বিভিন্ন উপজেলা থেকে গত শুক্রবার রাতে ২৪ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে বিএনপির চারজন, জামায়াতের পাঁচজন ও শিবিরের ১৫ জন। আটক নেতা-কর্মীদের গতকাল শনিবার বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ ছাড়া চাঁদপুরে বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুজন, মানিকগঞ্জে দুজন, চট্টগ্রামের সীতাকুণ্ডে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।