দিনাজপুরে বিডিআর বিদ্রোহের ঘটনায় গ্রেপ্তার হওয়া ৩১ জন বিডিআর সদস্যের জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম ফজলুল হকের আদালতে গত মঙ্গলবার তাঁদের জামিনের আবেদন করা হয়েছিল। একই সঙ্গে মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে বদলি করা হয়েছে। মামলার পরবর্তী তারিখ ২৫ মার্চ নির্ধারণ করেছেন আদালত। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার মামলার নির্ধারিত দিনে দিনাজপুর সেক্টরের ১৪ জন এবং সদর ২ রাইফেলস ব্যাটালিয়নের ১৭ জন বিডিআর সদস্যকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। গত বছর ২৬ ফেব্রুয়ারি দিনাজপুর বিডিআর সেক্টর ও সদর ২ রাইফেলস ব্যাটালিয়নের সদস্যরা প্রায় পাঁচ হাজার রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। তাঁরা বিডিআর কর্মকর্তাদের গাড়ি ও মোটরসাইকেল পুড়িয়ে দেন। এ ঘটনায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান শামীম ইকবাল বাদী হয়ে বিদ্রোহ ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সেক্টরের সাবেক সহকারী পরিচালক বেলাল উদ্দিন আহম্মেদ এবং সদর ২ রাইফেলস ব্যাটালিয়নের উপসহকারী পরিচালক মোবারক আলীসহ ৩১ জনের বিরুদ্ধে গত বছরের ১১ মে মামলা করেন।