গ্রেপ্তার ৪৮ জনকে জামিন দিয়েছেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট খেলা শেষে খেলোয়াড়দের বহনকারী বাসে ঢিল মারার অভিযোগে গ্রেপ্তার হওয়া ৪৮ জনকে গতকাল শনিবার জামিন দিয়েছেন আদালত।মিরপুর থানা সূত্র জানায়, গত শুক্রবার খেলা শেষে মিরপুর ১০ নম্বর গোল চত্বরের কাছে খেলোয়ারদের বহনকারী বাসে কে বা কারা ঢিল ছুড়ে মারে। ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের বহনকারী বাসে ওই ঢিল পড়লেও কেউ আহত হয়নি। এ সময় পুলিশ ও র্যাব ঘটনাস্থলসহ আশপাশে অভিযান চালিয়ে ৪৮ জন তরুণ-যুবককে আটক করে।সূত্র জানায়, রাতেই থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ২৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়। বাকি ২০ জনকে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশে গ্রেপ্তার দেখানো হয়। তাঁদের মধ্যে ২০ জন শেরে বাংলা স্টেডিয়ামের দক্ষিণ-পশ্চিম দিকে টিঅ্যান্ডটি কার্যালয়ের সামনে সড়কে যান ও মানুষ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ২৮ তরুণ ও যুবকের বিরুদ্ধে অবৈধ সমাবেশ ঘটিয়ে গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। তাঁদের গতকাল মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আর ২০ জনকে আদালতে পাঠানো হলেও তাঁদের রিমান্ডের আবেদন করা হয়নি। শুনানি শেষে আদালত তাঁদের সবার জামিন মঞ্জুর করেন।