মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার ইজিবাইকের চালক এনায়েত খান ওরফে খোকন হত্যা মামলায় জড়িত অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে সদর থানা-পুলিশ।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ও মেহেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ইজিবাইক ছিনতাই করতেই চালককে হত্যা করা হয়েছিল। গ্রেপ্তারকৃত একজন গতকাল বুধবার দুপুরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য দিয়েছেন। ছিনতাই হওয়া ইজিবাইক ও নিহত ব্যক্তির ব্যবহৃত মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামের আলমগীর হোসেন (২৮), রামনগর গ্রামের মামুন হোসেন (২২) ও ওয়াসিম মিয়া (২৪), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি গ্রামের ফিরোজ আলী (২৩) ও কাবুল হোসেন (২৬)।
গত ২৭ অক্টোবর সন্ধ্যায় সদর উপজেলার টেংরামারী মাঠের সড়কে এনায়েত খানকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন সকালে সেখান থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। একই দিন সন্ধ্যায় নিহত ব্যক্তির স্ত্রী রোকেয়া আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সদর থানায় হত্যা মামলা করেছিলেন।
গতকাল বুধবার দুপুরে পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে আসামিদের হাজির করা হয়েছিল। এ ছাড়া সংবাদ সম্মেলনে রোকেয়া আক্তার উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে এসপি বলেন, খোকন মিয়ার ইজিবাইকটি ছিনতাই করে তাঁকে শ্বাসরোধে হত্যা করেছিলেন গ্রেপ্তারকৃত ব্যক্তিরা। এ ঘটনায় করা মামলা ও মুঠোফোনের সূত্র ধরে গত এক মাস পুলিশ মাঠে কাজ করে। প্রথমে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া স্বীকারোক্তিতে বাকি ব্যক্তিদের বিভিন্ন স্থানে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের বিষয়ে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত করা সম্ভব হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত এসপি আবদুল্লাহ আল মাহমুদ, সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ মোস্তাফিজুর রহমান, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী, মামলার তদন্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম।