গ্রেপ্তারকৃত আসামি জিজ্ঞাসাবাদ শেষে জেলহাজতে
নোয়াখালীর কোম্পানী-গঞ্জে ‘পুলিশের তত্ত্বাবধানে’ কিশোর শামছুদ্দিন মিলনকে (১৬) পিটিয়ে হত্যার ঘটনায় গত শনিবার গ্রেপ্তার হওয়া আসামি আবুল খায়েরকে (৪৫) জিজ্ঞাসাবাদ শেষে গতকাল রোববার বিশেষ আমলি আদালতে পাঠানো হয়। আদালত আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল হোসেন গতকাল প্রথম আলোকে জানান, শনিবার রাতে ডিবি কার্যালয়ে আবুল খায়েরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় বারবারই তিনি ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন। ওসি ডিবি আরও জানান, ভিডিওচিত্রে খুন হওয়া মিলনের শরীরে খায়েরকে বারবার লাথি দিতে দেখা যায়। এর আগে গ্রেপ্তার হওয়া আসামিরাও তাঁর সম্পৃক্ততার কথা বলেছেন। তাই তাঁকে আপাতত রিমান্ডের আবেদন না জানিয়েই আদালতে পাঠানো হয়। পরে প্রয়োজন হলে রিমান্ডের আবেদন জানানো হবে। এক প্রশ্নের জবাবে ওসি ডিবি জানান, মামলার তদন্ত সঠিক পথেই এগোচ্ছে। শিগগিরই তদন্তের আরও অগ্রগতি হবে।২৭ জুলাই সকালে কিশোর মিলনকে কোম্পানীগঞ্জের টেকেরহাট বাজারের মোড়ে পুলিশ তাঁদের গাড়ি থেকে নামিয়ে কিছু লোকের হাতে ছেড়ে দেয়। এ সময় পুলিশের উপস্থিতিতে তারা ওই কিশোরকে পিটিয়ে হত্যা করে। পরে পুলিশ লাশ গাড়িতে তুলে নিয়ে যায়। এই ঘটনায় মিলনের মায়ের দায়ের করা মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছে।