পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সোলায়মান হাওলাদার (৩০) হত্যাকাণ্ডের দায়ে গ্রেপ্তারকৃত তিনজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত সোমবার সন্ধ্যায় মঠবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তাঁরা জবানবন্দি দেন।পুলিশ সূত্র জানায়, সোলায়মান হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গত রোববার রাতে পশ্চিম মিরুখালী গ্রামের গ্রাম পুলিশ (চৌকিদার) মো. মহিবুল্লাহ (২২), একই গ্রামের শহীদুল ইসলাম গাজী (২১) ও শাহিন হাওলাদারকে (২০) গ্রেপ্তার করে পুলিশ। পরদিন সোমবার সকালে তাঁরা পুলিশের কাছে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। পরে সন্ধ্যায় তাঁরা মঠবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মুহাম্মদ জাকারীয়ার কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন। জবানবন্দি দেওয়ার পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, ১৯ ফেব্রুয়ারি রাত আটটার দিকে মহিবুল্লাহ, শহীদুল, শাহিনসহ আরও দুই যুবক সোলায়মানকে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করে একটি নালায় লাশ ফেলে রাখেন। পূর্বশত্রুতার জের ধরে মহিবুল্লাহ তাঁর বন্ধুদের সহযোগিতায় এ হত্যাকাণ্ড ঘটান। ২০ ফেব্রুয়ারি সোলায়মানের মা পিয়ারা বেগম অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করেন।