গ্রেপ্তারকৃত নয়জনকে কারাগারে প্রেরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই শিশুসহ মায়ের আত্মাহুতির ঘটনায় আন্দিউড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুর রহমানসহ গ্রেপ্তার হওয়া নয়জনকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এ ব্যাপারে মাধবপুর থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইয়াছিনুল হক জানান, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গতকাল সকালে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের হবিগঞ্জ বিচারিক হাকিম সাঈদ মাহবুবুল ইসলামের আদালতে হাজির করা হয়। পরে আদালত শুনানি শেষে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান ভূঁইয়া বলেন, গ্রেপ্তারকৃতদের রিমান্ডে আনার জন্য আদালতে আবেদন করা হবে।পুলিশ গত মঙ্গলবার হাইকোর্ট এলাকা থেকে এই নয়জনকে গ্রেপ্তার করে। এর আগে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ সালিসদারদের গ্রেপ্তারের আদেশ দেন।গ্রেপ্তার হওয়া অন্য আসামিরা হলেন—ইউপি সদস্য তপন দেব, সাবেক ইউপি সদস্য মলাই মিয়া, আবদুল রহমান চৌধুরী, তাঁর ভাই ফজলুর রহমান চৌধুরী, আবদুর রহিম, ফারুক মিয়া, মোহাম্মদ আলী ও মহব্বত খাঁ। এর আগে মাধবপুর থানার পুলিশ আরও পাঁচজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।প্রসঙ্গত, অবৈধ সম্পর্কের অভিযোগ এনে গ্রাম্য মতব্বরেরা সালিস বসিয়ে গৃহবধূ ফেরদৌসী বেগমকে কান ধরে ওঠবস ও সমাজচ্যুত করেন। এ অপবাদ ও অপমান সইতে না পেরে ১৫ আগস্ট চার সন্তান নিয়ে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর রেলস্টেশনের কাছে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। এতে তাঁর শিশুকন্যা বন্যা ও শিশুপুত্র সরলও মারা যায়। গুরুতর আহত হয় তাঁর অপর দুই শিশুসন্তান জীবন ও স্বর্ণা। ফেরদৌসীর বাড়ি আন্দিউড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে। তাঁর স্বামী জিল্লুর রহমান আড়াই বছর আগে দুবাই যান।