গ্রেপ্তারকৃত পাঁচ ছাত্রের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের দায়ের করা দ্রুত বিচার আইনে মামলায় গ্রেপ্তার হওয়া পাঁচ ছাত্রের জামিন গতকাল বৃহস্পতিবার নামঞ্জুর করেছেন আদালত। গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীরা হলেন: বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের মো. মাহাদী হাসান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের মো. আল আমিন, গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের মো. সাজ্জাদ হোসেন ও মো. খালেদ হোসেন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. বাকি বিল্লাহ। আদালত সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে গ্রেপ্তার করা ছাত্রদের পক্ষে আইনজীবীরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত মামলার শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন। ১২ আগস্ট পুনরায় তাঁদের জামিন আবেদন করা হবে।শর্ট সেমিস্টার পদ্ধতি চালু, অযোগ্য (তৃতীয় শ্রেণীপ্রাপ্ত) শিক্ষকদের অপসারণ, শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধসহ আট দফা দাবিতে ১৭ জুলাই থেকে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে আন্দোলন শুরু করেন। গত বুধবার প্রক্টরসহ কয়েকজন শিক্ষক আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর চেষ্টা করলে শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয়। এতে প্রক্টর বাদী হয়ে পাঁচ ছাত্রের নাম উল্লেখ করে ৩০-৩৫ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। পরে পুলিশ পাঁচ ছাত্রকে গ্রেপ্তার করে। উদ্ভূত পরিস্থিতিতে বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তার হওয়া ছাত্রদের সাময়িক বহিষ্কার ও এক মাসের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সিদ্ধান্ত জানান।এদিকে, গতকাল আদালত চত্বরে আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাঁদের আন্দোলনকে থামিয়ে দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও বহিষ্কারাদেশ দিয়ে হয়রানি করছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় ছাত্রছাত্রীরাও ক্যাম্পাসে থাকতে পারছেন না। ফলে সাময়িকভাবে সব কর্মসূচি বন্ধ রাখা হচ্ছে। ঈদের পর বিশ্ববিদ্যালয় খুললে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।