মেহেরপুর পৌরসভার কাউন্সিলর ও জেলা যুবলীগের নেতা খন্দকার আবদুল্লাহ আল মামুন হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া শহীদুল ইসলাম ওরফে পেরেশানের সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। শহীদুল জেলা যুবলীগের সহপ্রচার সম্পাদক।গতকাল শুক্রবার পুলিশ মেহেরপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম বৈজয়ন্ত বিশ্বাসের আদালতে রিমান্ড আবেদন করলে আদালত রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেন। এদিকে এ মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল যুবলীগ শহরে মিছিল ও সমাবেশ করেছে। মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া শহীদুলের কাছ থেকে হত্যা সম্পর্কিত চাঞ্চল্যকর অনেক তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডে ব্যবহূত নাইন এমএম পিস্তল উদ্ধার করেছে পুলিশ। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। এদিকে এ মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে জেলা ছাত্রলীগ মিছিল-মিটিং, ভাঙচুর, অগ্নিসংযোগ করছে। অন্যদিকে মামলাটি প্রত্যাহারের দাবিতে জেলা যুবলীগ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে গত বৃহস্পতিবার যুবলীগের পক্ষ থেকে মেহেরপুরের জেলা প্রশাসক দেলওয়ার হোসেন ও পুলিশ সুপার মোজাফ্ফর হোসেনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। ফলে মামলাটি নিয়ে যুবলীগ-ছাত্রলীগ এখন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি রাতে মামুনসহ যুবলীগের পাঁচ নেতা-কর্মী মেহেরপুর শহরের কাঁসারিপাড়ায় শহীদুল ইসলামের বাড়িতে বসে গল্প করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁর বাড়িতে ঢুকে মামুনের মাথা ও বুক লক্ষ্য করে তিনটি গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহত মামুনের স্ত্রী বেলী খাতুন গত ৩০ জানুয়ারি সাতজনকে আসামি করে মেহেরপুর থানায় একটি হত্যা মামলা করেন।