সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও আওয়ামী লীগের নেতা জৈনউদ্দিন হত্যা মামলার আসামি রাজন আলীকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বুধবার কোম্পানীগঞ্জের আমল গ্রহণকারী হাকিম আদালতে রাজনকে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ সাত দিনের রিমান্ডের আবেদন করেন। বিচারক রোকনউদ্দিন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ বৃহস্পতিবার থেকে রাজনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে মামলা তদন্ত কর্মকর্তা জানান।এদিকে ব্যবসায়ী নেতা হত্যাকাণ্ডে কোম্পানীগঞ্জের সর্বস্তরের ব্যবসায়ীর ঘোষিত পাঁচ দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিন গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের কাছে হত্যাকারী গ্রেপ্তারে স্মারকলিপি দেওয়া হয়েছে। স্মারকলিপি গ্রহণকালে জৈনউদ্দিন হত্যাকারীদের গ্রেপ্তারে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা।গত সোমবার রাত নয়টায় দয়ারবাজারের অদূরে জৈনউদ্দিনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় নয়জনকে আসামি করে মামলা করেন। ঘটনার পরপরই আটক রাজন আলী মামলার এজাহারভুক্ত আসামি।