গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ দিন পরও নরসিংদীতে জঙ্গিবাদবিরোধী অভিযানে গ্রেপ্তার হওয়া দুই তরুণের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ পায়নি পুলিশ। গত ২১ মে নরসিংদীর উত্তর গাবতলীর একটি ছাত্রাবাস থেকে র্যা ব দুজনকে গ্রেপ্তার করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেয়।
গ্রেপ্তার হওয়া দুজনের নাম সালাউদ্দীন ও আবু জাফর। আজ (বৃহস্পতিবার) চার দিনের রিমান্ড শেষে তাঁদের আদালতে উপস্থাপনের কথা রয়েছে।
নরসিংদী থানায় র্যা বের দায়ের করা মামলাটি এখন তদন্ত করছেন নরসিংদীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক আমির হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকারোক্তি দেননি। রিমান্ডেও কিছু পাননি তিনি। তবে মামলায় বেশ কয়েকজনকে পলাতক দেখানো হয়েছে। তাঁদের গ্রেপ্তার করা গেলে হয়তো কিছু তথ্য পাওয়া যেতে পারে।
নরসিংদী সরকারি কলেজের গণিত বিভাগের ছাত্র আবু জাফর ছাত্রাবাস ঘিরে ফেলার পর বাঁচার আকুতি জানিয়ে প্রধানমন্ত্রীর
কাছে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। আর সালাউদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর পাসের পর চাকরির চেষ্টা করছিলেন।
গতকাল বুধবার আবু জাফরের ভাই মো. আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, র্যা ব ঘিরে রাখার পর থেকে পরদিন সকাল পর্যন্ত তাঁর সঙ্গে ভাইয়ের (আবু জাফর) একাধিকবার কথা হয়েছে। তাঁদের বের করে আনার পর র্যা ব বলেছিল, বাড়ি থেকে কিছু পাওয়া যায়নি। কিন্তু মামলায় লিখেছে, ইমাম মাহাদি-দোস্ত ও দুশমন, জাকির নায়েকের লেকচার, ইহকাল ও পরকালের বর্ণনা নামের ৩টি বই ও ১২টি প্রচারপত্র পাওয়া গেছে। তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছেন, তাঁদের (গ্রেপ্তারকৃতদের) পরিচয়পত্র দিয়ে কয়েকটি মুঠোফোনের সিম কেনা হয়েছে। মো. আবদুল্লাহ বলেন, তাঁরা শুধু সুবিচার চান। মুঠোফোনের সিম তুলতে আঙুলের ছাপ লাগে। যাঁরা সিম তুলেছেন, তাঁদের সঙ্গে আবু জাফরের আঙুলের ছাপ মিলিয়ে দেখলেও বিষয়টি পরিষ্কার হবে।
আবু জাফর জামিয়া কাশেমিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল পাস করেন। এরপর নরসিংদী সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও স্নাতক পাস করেন। তাঁর স্নাতকোত্তর শ্রেণির পরীক্ষা চলছিল। যেদিন তাঁকে গ্রেপ্তার করা হয়, সেদিনও তাঁর ১টি পরীক্ষা ছিল। মামলার খরচ কী করে চালাচ্ছেন জানতে চাইলে মো. আবদুল্লাহ বলেন, এলাকার লোকজনের চাঁদার টাকা আবু জাফরের জন্য খরচ করা হচ্ছে।
সালাউদ্দীনের বাবা আবদুর রহমান প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে ছেলেকে বেশ কিছু তরুণের ছবি দেখিয়ে তাদের সম্পর্কে তথ্য জানতে চাওয়া হয়েছে বলে শুনেছেন।