গ্রেপ্তারকৃতদের মুক্তি না দিলে ১ এপ্রিল থেকে ট্রাক ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কিন ব্রিজ থেকে পড়ে ছাত্রলীগের নেতা আলফু হাসানের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন। এ ঘটনায় সংগঠনের সদস্য আবদুল বাতিরকে গ্রেপ্তার করা হয়েছে। ওই দিন বাতির ছিনতাইকারীদের কবলে পড়ে টাকা খুইয়েছেন দাবি করে সংবাদ সমেঞ্চলন করেছেন ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতারা। বাতিরকে মুক্তি, তাঁর ছিনতাই হওয়া টাকা ফেরত ও হত্যা মামলা প্রত্যাহার না করলে আগামী ১ এপ্রিল থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছেন তাঁরা। গত বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করে তাঁরা এ আলটিমেটাম দেন। সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্যে বলা হয়, ২৫ মার্চ বিকেলে আবদুল বাতির ও তাঁর চাচাতো ভাই আবদুল হক ওরফে রিপন সাড়ে তিন লাখ টাকা নিয়ে নগরের কাজিরবাজার এলাকায় একটি ট্রাভেলসে যাচ্ছিলেন। কিন ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় দুটি মোটরসাইকেলে ছয়জন ছিনতাইকারী তাঁদের গতিরোধ করে। অস্ত্রের মুখে তাঁদের সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ সময় আবদুল বাতির ‘ডাকাত-ডাকাত’ বলে চিৎকার করলে পথচারীরা ছিনতাইকারীদের ধাওয়া করেন। জনতার ধাওয়ার মুখে এক ছিনতাইকারী কিনব্রিজ থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে আহত হয় এবং পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ছিনতাইকারীদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তিতে আহত আবদুল বাতির ও রিপনকে পথচারীরা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। প্রকাশ্যে ছিনতাই করতে গিয়ে জনতার ধাওয়ার মুখে আত্মরক্ষার্থে কিন ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আলফু মারা গেছেন—জানিয়ে সংবাদ সমেঞ্চলনে ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতারা বলেন, ‘এ ঘটনাকে রাজনৈতিক রং লাগিয়ে শ্রমিকনেতা আবদুল বাতির ও তাঁর চাচাতো ভাই মুক্তিযোদ্ধার সন্তান রিপনকে হত্যা মামলার আসামি করা হয়েছে, যা ট্রাকশ্রমিকেরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। আগামী শনিবারের মধ্যে দুজনের মুক্তি না দিলে সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন আগামী ১ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট পালন করবে।’ সংবাদ সমেঞ্চলনে সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার লিখিত বক্তব্য দেন। সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল গফুর, সহসভাপতি দিলু মিয়া, আরফান আলী, সহসাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক নিখিল রঞ্জন দাস, প্রচার সম্পাদক আবদুস শহীদ, জেলা লেগুনা শ্রমিক ইউনিয়নের সভাপতি রুনু মিয়া প্রমুখ ঘটনার বর্ণনা দিয়ে বক্তব্য দেন।