মানহানির একটি মামলায় দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে আগের দিনের দেওয়া গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করে গতকাল বুধবার সমন জারির আদেশ দিয়েছেন নারায়ণগঞ্জের আদালত।
এদিকে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে ১০ জেলায় আরও ১৪টি মামলা হয়েছে। এর মধ্যে ১৩টি হয়েছে গতকাল। আরেকটি আগের দিন মঙ্গলবারের, যা ওই দিন প্রকাশ পায়নি। এই ১৪ মামলার মধ্যে ১০টিতে মানহানির, একটিতে মানহানির পাশাপাশি রাষ্ট্রদ্রোহ ও তিনটিতে কেবল রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। এসব মামলার মধ্যে সাতটিতে মোট ৭৯১ কোটি টাকার মানহানি হয়েছে বলে দাবি করা হয়। চারটিতে আদালত সমন জারি করেছেন।
এ নিয়ে গত নয় দিনে দ্য ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে সারা দেশে ৬৯টি মামলা হয়েছে। এর মধ্যে ২০ মামলায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। আর মানহানির মামলাগুলোর মধ্যে ৪৪টিতে মোট ৭২ হাজার ২৮০ কোটি ৫০ লাখ টাকার মানহানি হয়েছে বলে দাবি করা হয়। হাকিম আদালতে করা প্রায় সবগুলো মামলার বাদী ক্ষমতাসীন আওয়ামী লীগ, এর অঙ্গ-সহযোগী ও সমমনা সংগঠনের নেতা-কর্মী বা সরকারি কৌঁসুলি।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের বিষয়ে গতকাল সেখানকার সরকারি কৌঁসুলি (পিপি) এস এম ওয়াজেদ আলী সাংবাদিকদের বলেন, ‘এটা হয়তো ভুলবশত এসডব্লিউ লিখতে গিয়ে ডব্লিউএ (গ্রেপ্তারি পরোয়ানা) হয়ে গেছে।’ তিনি বলেন, গ্রেপ্তারি পরোয়ানা যদি ভুলবশত হয়ে থাকে, সেটা সংশোধনে আইনে কোনো বাধা নেই। এটা সঙ্গে সঙ্গে বা পরের দিনও করতে পারবে।
নারায়ণগঞ্জের বিচারিক হাকিম আদালতে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে গত মঙ্গলবার ওই মানহানির মামলাটি করেন জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের কর্মী মুহাম্মদ মহসীন মিয়া।
চট্টগ্রাম: মহানগর হাকিম আদালতে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে গতকাল রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি ও মানহানির অভিযোগে দুটি মামলা হয়েছে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলাটি করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন। আর মানহানির মামলা দুটি করেছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন ও বঙ্গবন্ধু পরিষদ সাতকানিয়া থানা শাখার সাধারণ সম্পাদক প্রবীর পাল।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, মানহানির দুই মামলায় মাহ্ফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আর রাষ্ট্রদ্রোহের মামলায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।
ময়মনসিংহ: এ জেলায় গতকাল রাষ্ট্রদ্রোহের অভিযোগে দুটি ও মানহানির অভিযোগে একটি মামলা হয়েছে। মানহানির মামলাটি করেন জেলা আইনজীবী সমিতির সহসাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহমেদ। আদালত এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিতে গৌরীপুর থানার ওসিকে নির্দেশ দেন। আর রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দুটি করেন জেলা আওয়ামী লীগের সদস্য মোয়াজ্জেম হোসেন ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান (খোকন)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মামলা দুটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।
চাঁদপুর: রাষ্ট্রদ্রোহ ও ১০ কোটি টাকার মানহানির অভিযোগে হাইমচর উপজেলার নয়ানী লক্ষ্মীপুর গ্রামের হাবীব শেখ একটি মামলা করেন। তাঁর আইনজীবী জসিম উদ্দিন ভূঁইয়া বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে জেলা তথ্য কর্মকর্তাকে তদন্তপূর্বক প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছেন।
গাজীপুর: জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আমানত হোসেন খান দ্য ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানির মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।
গাইবান্ধা: জেলা যুবলীগের সদস্য রফিকুল ইসলাম ১০ কোটি টাকার মানহানির মামলা করেন। তাঁর আইনজীবী নিরঞ্জন কুমার ঘোষ বলেন, বিচারক মামলাটি আমলে নিয়ে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেন।
কুমিল্লা: মেঘনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আল আমিন মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মানহানির মামলা করে তাঁর ছয় মাসের শাস্তি দাবি করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে জেলা তথ্য কর্মকর্তাকে তদন্ত করে আগামী ২৮ মার্চ প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
কুমিল্লায় এর আগে গত সোমবার একটি ও মঙ্গলবার দুটি মামলা হয়। সব মামলার এজাহারের বিবরণ একই। কেবল বাদীর নাম-ঠিকানা ভিন্ন।
জয়পুরহাট: জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান ৫০০ কোটি টাকার একটি মানহানির মামলা করেন। তাঁর আইনজীবী গোলাম মোকাররম চৌধুরী বলেন, আদালত কাগজপত্র দাখিল সাপেক্ষে আগামী ২০ মার্চ শুনানি ও আদেশের দিন ধার্য করেছেন।
মানিকগঞ্জ: শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন শীল ২০১ কোটি টাকার মানহানির মামলা করেন। তাঁর আইনজীবী শাখাওয়াত হোসাইন খান বলেন, আদালত এ ব্যাপারে সদর থানার ওসিকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এর আগে গত মঙ্গলবার একই অভিযোগে একই আদালতে একটি মামলা করেন আওয়ামী লীগের নেতা বাদরুল ইসলাম।
রাজবাড়ী: পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হাসান পাঁচ কোটি টাকার মানহানির মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে এক মাসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য জেলা তথ্য কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
কক্সবাজার: কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর গত মঙ্গলবার বিকেলে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে ৬০ কোটি টাকার মানহানির মামলা করেন। বাদীর আইনজীবী অরূপ বড়ুয়া বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশের তদন্ত ব্যুরোকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।
এর আগে ১১ ফেব্রুয়ারি একই আদালতে জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ ও ১৫ ফেব্রুয়ারি মহেশখালী পৌরসভার সাবেক মেয়র ও স্থানীয় আওয়ামী লীগ নেতা সরওয়ার আজম দ্য ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে দুটি মানহানির মামলা করেন।
একনজরে মামলা
৯ ফেব্রুয়ারি ২
১১ ফেব্রুয়ারি ৩
১৪ ফেব্রুয়ারি ১৩
১৫ ফেব্রুয়ারি ১৭
১৬ ফেব্রুয়ারি ২১
১৭ ফেব্রুয়ারি ১৩