গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া তিনজনকে গ্রেপ্তার না করতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া জেল থেকে বের হওয়ার পর অন্য কোনো মামলায় ছাত্রদল ও যুবদলের তিন নেতাকে গ্রেপ্তার না করতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এ আদেশ দেন। এই তিনজন হলেন: ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক নাসির ও যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনু। তিনজনের পক্ষে করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল এ আদেশ দেওয়া হয়। আদালতে তিনজনের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, ওই তিনজনকে মূল মামলায় জামিন দেওয়ার পর আরও বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এটা সম্পূর্ণভাবে আইনবহির্ভূত।